• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

পাকিস্তানকে গুঁড়িয়ে ফাইনালে বাংলাদেশের নারীরা



এফএনএস ►

উইমেনস এশিয়া কাপ রাইজিং স্টার্সের সেমিফাইনালে বাংলাদেশের সামনে পাত্তাই পায়নি পাকিস্তান। একপেশে ম্যাচে পাকিস্তানকে গুঁড়িয়ে বাংলাদেশ জায়গা করে নিয়েছে ফাইনালে। যেখানে বাঘিনীদের প্রতিপক্ষ ভারত। আজ শুক্রবার ব্যাংককে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশও ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে পারেনি। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে দলীয় পুঁজি দাঁড়ায় ১১০ রান। বাঘিনীদের পক্ষে সর্বোচ্চ ৪০ রান আসে ফাহিমা খাতুনের ব্যাট থেকে, ৩২ বল খেলে ৫টি চার হাঁকিয়ে অপরাজিত থাকেন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক। এ ছাড়া শারমিন সুলতানা ১৫, শামিমা সুলতানা ১৩ ও ইশমা তানজিম ১২ রান করেন।

জবাব দিতে নেমে দলীয় ৮ রানে প্রথম উইকেট হারানোর পর মুখ থুবড়ে পড়ে পাকিস্তান। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। দলীয় রান ৫০ হওয়ার আগেই আউট হয়ে যান ৭ ব্যাটার। শেষপর্যন্ত পাকিস্তান আর ঘুরে দাঁড়াতে পারেনি। ৫৬ রানে অলআউট হলে বাংলাদেশ পায় ৫৪ রানের জয়। বাঘিনীদের পক্ষে সানজিদা আক্তার মেঘলা তিনটি ও ফাহিমা খাতুন দুটি উইকেট শিকার করেন।