• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি ওয়ারেছ



ফুলছড়ি প্রতিনিধি

পরিচ্ছন্নতা কার্যক্রমের ধারাবাহিকতায় এবার গাইবান্ধার ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যতিক্রমধর্মী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেছেন, গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ। সংসদ সদস্য আব্দুল ওয়ারেছ বলেন, স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো সবসময় পরিচ্ছন্ন রাখা সবার দায়িত্ব। পরিষ্কার পরিবেশ রোগীদের জন্য যেমন স্বস্তিদায়ক, তেমনি সংক্রমণ রোধেও সহায়ক। তিনি বলেন, রমজানের পবিত্রতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

সোমবার সকালে ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে কর্মসূচির উদ্বোধন শেষে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ নিজ হাতে ঝাড়ু তুলে হাসপাতাল প্রাঙ্গণের বিভিন্ন স্থান পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে অংশ নেন। তার সঙ্গে দলীয় নেতাকর্মী ও স্থানীয় বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। হাসপাতালের চারপাশ, আঙিনা ও চলাচলের পথ থেকে ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। পবিত্র রমজানকে সামনে রেখে স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ এ প্রতিষ্ঠানকে পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।

এ সময় উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. রুহুল আমিন, ফুলছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম আকন্দ, সেক্রেটারি মাওলানা আনিছুর রহমান, সহকারী সেক্রেটারি মাওলানা আবুল খায়ের, উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি মাওলানা আব্দুল আলীম, উপজেলা জামায়াতে ইসলামী পেশাজীবী সংগঠনের সাধারণ সম্পাদক শাহজাহান আলী, উদাখালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আহমদ আলী, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম এবং উদাখালী ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি গোলাম মোস্তফাসহ অনেকে।

স্থানীয়রা মনে করছেন, একজন সংসদ সদস্য সরাসরি পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেওয়ায় সাধারণ মানুষের মধ্যেও ইতিবাচক বার্তা পৌঁছেছে। তারা চান, শুধু একদিনের কর্মসূচিতে সীমাবদ্ধ না থেকে নিয়মিত তদারকি ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে স্বাস্থ্য কমপ্লেক্সসহ উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলো পরিচ্ছন্ন রাখা প্রয়োজন।