- মাধুকর প্রতিনিধি
- ১২ ঘন্টা আগে
ঋতুপর্ণাদের শেষ সুযোগ
অনলাইন ডেস্ক ►
এএফসি নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলে এরই মধ্যে ইতিহাসে নিজেদের নাম লিখিয়েছেন আফঈদা খন্দকাররা। নারী ফুটবলের পরাশক্তি চীন এবং উত্তর কোরিয়ার মতো দলের বিপক্ষে খেলে মুগ্ধ করেছেন পিটার বাটলারের শিষ্যরা। দুটো ম্যাচেই হেরেছেন নারী ফুটবলাররা। তবে সে পরাজয়ের মধ্যেও ছিল অনেক কিছু পাওয়ার গল্প। আজ গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এ ম্যাচে জিততে পারলেই খুলে যেতে পারে বিশ্বকাপের দরোজা। এ সুযোগ কি কাজে লাগাতে পারবেন আফঈদা খন্দকাররা!
ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৬৩ ধাপ ওপরে অবস্থান করছে উজবেকিস্তানের মেয়েরা। বাংলাদেশ ১১২ নম্বরে। উজবেকিস্তান ৪৯ নম্বরে। র্যাঙ্কিংয়ের এ ব্যবধান সত্ত্বেও উজবেকিস্তানের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়েই দেশ ছেড়েছিলেন আফঈদা খন্দকাররা। সে লক্ষ্য কি পূরণ করতে পারবে বাংলাদেশ? বিশ্বকাপে তিন গ্রুপে ১২টি দল লড়াই করছে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি করে দল সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে। এ ছাড়া তিন নম্বরে থাকা তিন দলের মধ্যে র্যাঙ্কিংয়ের শীর্ষ দুটি দল কোয়ার্টার ফাইনাল খেলবে। বাংলাদেশ উজবেকিস্তানকে হারালেই নকআউটে খেলার সুযোগ আসবে। কারণ, ‘এ’ গ্রুপ থেকে তিনটি দলের কোয়ার্টার ফাইনাল খেলা মোটামুটি নিশ্চিত।
‘সি’ গ্রুপে ভিয়েতনাম একটা জয় পেলেও পরের ম্যাচ জাপানের সঙ্গে। এই ম্যাচে বড় ব্যবধানে ভিয়েতনাম হারলেই বাংলাদেশের ভাগ্য খুলে যেতে পারে। অবশ্য তার আগে আজ উজবেকিস্তানের বিপক্ষে জয় প্রয়োজন আফঈদাদের। কোচ পিটার বাটলার অবশ্য জয়-পরাজয় নিয়ে ভাবছেন না। তিনি বরং এবারের এশিয়া কাপে বাংলাদেশের মেয়েদের অভিজ্ঞতা অর্জনের দিকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। তিনি বলেন, ‘আমি মনে করি আমরা অনেক দূর এসেছি, যদিও পথে অনেক বাধা ছিল। এমনকি যদি আমরা না-ও জিতি, তাতে কিছু যায় আসে না। কারণ আমরা শুধু জেতার জন্যই এখানে আসিনি। আমাদের মধ্যে যে লড়াকু মানসিকতা আছে সেটিই বড় কথা। ফলাফল যা-ই হোক না কেন, আমি তাদের নিয়ে গর্বিত।’