- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
১১৪ রানে অলআউট বাংলাদেশ, সমতায় ফিরল পাকিস্তান
অনলাইন ডেস্ক ►
প্রথম ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়ে সিরিজে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও হলো একপেশে লড়াই। তবে এবার আর জয়ী দলের নামটা বাংলাদেশ নয়; দাপুটে পারফরম্যান্সে মেহেদী হাসান মিরাজের দলকে বৃষ্টি আইনে ১২৮ রানে হারিয়ে সিরিজে সমতা ফেরাল পাকিস্তান। আগে ব্যাট করে পাকিস্তান সবকটি উইকেট হারিয়ে ২৭৪ রান সংগ্রহ করে।
তবে বাংলাদেশের ইনিংসের শুরুতেই হানা দেয় বৃষ্টি। ৩ উইকেটে ২৭ রান থাকা অবস্থায় খেলা প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকে। এরপর বৃষ্টি আইনে বাংলাদেশের নতুন লক্ষ্য দাঁড়ায় ৩২ ওভারে ২৪৩ রান। সেই চ্যালেঞ্জ টপকাতে গিয়ে খেই হারিয়ে ফেলে স্বাগতিকরা।
শুরুতেই টপ অর্ডার ধসে পড়ার পর লিটন দাস ও তাওহীদ হৃদয় প্রতিরোধ গড়ার আভাস দিয়েছিলেন। তাদের জুটি থেকে আসে মূল্যবান ৫৮ রান। আক্রমণাত্মক খেলতে থাকা লিটন ৩৩ বলে ৪১ রান করে মাজ সাদাকাতের শিকার হলে ভেঙে যায় এই জুটি। লিটনের বিদায়ের পরই শুরু হয় আসা-যাওয়ার মিছিল।
আগের ম্যাচে ব্যাটিং না পাওয়া আফিফ হোসেন আজ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন। ১৫ বলে ১৪ রান করে সাদাকাতের শিকার হয়ে ফিরে যান তিনি। এর কিছুক্ষণ পরেই অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ৫ বল স্থায়ী ইনিংস খেলে নিজের উইকেট বিলিয়ে দিয়ে আসেন। ফাহিম আশরাফের বলে বড় শট খেলতে গিয়ে ওয়াসিমের হাতে ক্যাচ দেন টাইগার অধিনায়ক। মিরাজের বিদায়ের রেশ কাটতে না কাটতেই রিশাদ হোসেনকে বোল্ড করে ফেরান সেই সাদাকাত।
১০১ রান তুলতেই বাংলাদেশ হারায় ৭টি উইকেট। একপ্রান্ত আগলে রাখা তাওহিদ হৃদয়ও শেষ পর্যন্ত হার মানেন। দলীয় ১০৩ রানে হৃদয় আউট হন। শেষ পর্যন্ত ১১৪ রানেই থেমে যায় বাংলাদেশের ইনিংস। ১২৮ রানের এই জয়ে পাকিস্তান সিরিজে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি এখন অঘোষিত ফাইনালে রূপ নিল।