- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
বিভিন্ন স্থানে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
মাধুকর ডেস্ক
ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে গাইবান্ধায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। এছাড়াও রংপুর, সাঘাটা, পলাশবাড়ী, নওগাঁতে সচেতনতামূলক র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো সংবাদ।
নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে গাইবান্ধায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। আজ শনিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা। এ উপলক্ষ্যে শহরে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হওয়া র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালির অগ্রভাগে ডেঙ্গু মশা নিধন এবং চারপাশ পরিচ্ছন্ন রাখার প্রতীকী চিত্র ও বার্তা সংবলিত একটি বিশাল সচেতনতামূলক ব্যানার প্রদর্শন করা হয়। র্যালিতে সিভিল সার্জন ডা. রফিকুজ্জামানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ সদস্য, বিএনসিসি, স্কাউটস, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সংশ্লিষ্টরা জানান, আবহাওয়া পরিবর্তনের এই সময়ে এবং আসন্ন বর্ষা মৌসুমে ডেঙ্গণর প্রকোপ বাড়ার আশঙ্কা থাকে। তাই আগে থেকেই সাধারণ মানুষকে সচেতন করতে এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে এই পরিচ্ছন্নতা অভিযানের উদ্যোগ নেওয়া হয়েছে। র্যালি শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে প্রশাসনের কর্মকর্তারা জেলার সর্বস্তরের জনসাধারণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এডিস মশার বংশবিস্তার রোধে নিজ নিজ বসতবাড়ির আঙিনা, ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার এবং ছাদে জমে থাকা পরিষ্কার পানি নিয়মিত ফেলে দিতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিকের ব্যক্তিগত সচেতনতা সবচেয়ে বেশি জরুরি। জেলা প্রশাসনের এই সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়েছে গাইবান্ধার সচেতন নাগরিক সমাজ। সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এই অভিযান ডেঙ্গু মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছেন তারা।
পিআইডি, রংপুর
রংপুরে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত মতবিনিময়সভায় সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক এনামুল আহসান বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। এলক্ষ্যেই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, র্যালি ও মতবিনিমসভার আয়োজন করা হয়েছে। সরকারের বিশেষ কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদের মাধ্যমে নির্বাচিত সরকার ১৮০ দিনের একটি বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে, যার অন্যতম অংশ হলো দেশব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। তিনি বলেন, বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ হওয়ায় আমাদের প্রত্যেকের উচিত নিজ নিজ বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস ও রাস্তাঘাটসহ আশপাশে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা। কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে বিশেষভাবে নজর দিতে হবে, কারণ এসব স্থানেই মশার বংশবিস্তার ঘটে।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন রংপুর সিভিল সার্জন কার্যালয়ের সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা, রংপুর পুলিশ সুপার কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জয়নাল আবেদীন প্রমুখ। মতবিনিময় সভায় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারি, বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি, স্বেচ্ছাসেবক সংগঠনের সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনাসভা শেষে কর্মসূচির অংশ হিসাবে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন হতে এক বর্ণাঢ্য র্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রংপুর কালেক্টরেট সুরভী উদ্যানে গিয়ে শেষ হয়। এরপর রংপুর কালেক্টরেট সুরভী উদ্যানে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মশানিধন অভিযান কার্যক্রম পরিচালিত হয়।
গোবিন্দগঞ্জ প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পরিচ্ছন্ন দেশ গড়ার লক্ষ্যে পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মুহাম্মাদ শামীম কায়ছার লিংকন। শনিবার সকালে বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশিত ‘পরিচ্ছন্ন দেশ গড়ার কর্মসূচি’র অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক এনামুল হক, উপজেলা বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সাবেক ছাত্রনেতা সাজাদুর রহমান সাজু এবং পৌর বিএনপির নেতা মোকাদ্দাম হোসেন সজল, কাজী আশরাফুল আলম, তরিকুল ইসলাম চঞ্চল, আব্দুল আউয়াল ও রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজল চাকী, যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী আলম ও তৌহিদুল ইসলাম, কৃষকদলের সভাপতি শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আল-আমিন রনি, সদস্য সচিব মনির হোসেন সরকার প্রমুখ।
সাঘাটা প্রতিনিধি
ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি সচেতনতামূলক র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল কবীরের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়। এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহিশ শাফী, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. আসমত আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পবন কুমার সরকার, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ওয়ালিউর রহমান, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. জাকারিয়া হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পলাশবাড়ী প্রতিনিধি
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে গাইবান্ধার পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে পলাশবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালন করা হয়। এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ।
অভিযান কর্মসূচীতে সহকারী কমিশনার (ভূমি) মো. আল-ইয়াসা রহমান তাপাদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুস সালাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জিল্লুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আরজুমান আরা গুলেনুর, উপজেলা জামায়াতের সেক্রেটারী সাখোয়াত হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত এবং পলাশবাড়ী প্রেস ক্লাবের সভাপতি শাহ আলম সরকারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শেষে পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাধারণ মানুষের মাঝে নির্দেশনামূলক লিফলেট বিতরণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও বলেন, ‘ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে পরিবেশ পরিস্কার-পরিচ্ছন্নতা রাখা। বাসা-বাড়ীর আশেপাশে কোথাও যেন পানি জমে না থাকে সে দিকে সুদৃষ্টি দেয়া প্রয়োজন। ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়। এ ক্ষেত্রে জনগণের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। সবাই মিলে সচেতন হলে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ অনেকাংশেই প্রতিরোধ করা সম্ভব।’
নওগাঁ প্রতিনিধি
সরকার ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে দেশব্যাপী প্রতি শনিবার সমন্বিত অভিযান পরিচালনার কর্মসূচি গ্রহণ করেছে। সেই কর্মসূচির অংশ হিসেবে “নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি ডেঙ্গুমুক্ত নওগাঁ গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আনুষ্ঠানিক ভাবে নওগাঁর ১১টি উপজেলায় প্রতি শনিবার নিজ আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন করার অভিযানের উদ্বোধন করা হয়েছে।
শনিবার কর্মসূচির প্রথমেই নওগাঁর রাণীনগর উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে একটি সচেতনতা মূলক র্যালী বের হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। পরে অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান। এসময় সহকারি কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিনসহ উপজেলা প্রশাসনের সকল দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। পরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মসূচির পরিচ্ছন্নতাকর্মীরা পুরো উপজেলা পরিষদ প্রাঙ্গন আগাছা মুক্ত করার কাজ অব্যাহত রাখে। একই ভাবে জেলার ১১টি উপজেলায় এই অভিযান পরিচালনা করা হয়।