- মাধুকর প্রতিনিধি
- ১০ ঘন্টা আগে
ঈদে নাটক, নাটকে ঈদ
অনলাইন ডেস্ক ►
বিনোদনের জন্য বাসার ড্রয়িং রুমই বেশি আরামদায়ক! আর ঈদ হচ্ছে বিনোদনের জন্য উপযুক্ত সময়। তাই ঈদের সময় ড্রয়িং রুমের জন্য বিনোদনের ডালা নিয়ে বসেন ছোটপর্দার কারিগররা, যার মধ্যে নাটকই থাকে বেশি। ঈদকে কেন্দ্র করেই নির্মিত হয় নাটক। আর নাটক দেখার জন্য ঈদের সময়কেই বেছে নেন সাধারণ মানুষও। এবার রোজার ঈদের জন্যও নির্মিত হয়েছে নাটক। এসব নাটকে অভিনয় করেছেন সময়ের আলোচিত তারকারা। লিখেছেন- ফয়সাল আহমেদ
ঈদের নাটকে প্রতিবছরই মোশাররফ করিমের থাকে সরব উপস্থিতি। সাগর জাহানের পরিচালনায় ‘যাহা বলিব সত্য বলিব’ ও ‘আদু ভাই’, বর্ণনাথের ‘সোনার চেইন’, রাকেশ বসুর ‘মোতালেব জাদুকর-২’, সাইফ আহমেদের ‘বউ প্যারা দেয়’সহ ডজনখানেক নাটকে তাকে দেখা যাবে। ঈদের জন্য নির্মিত হয়েছে নাটক ‘লেলিন’। দয়াল সাহা ও দেবাশীষ চক্রবর্তীর রচনায় এটি পরিচালনা করেছেন সুব্রত সঞ্জীব। নাটকের নাম ভূমিকায় অভিনয় করেছেন মুশফিক আর ফারহান, আঁখি চরিত্রে সাফা কবির। এই জুটিকে দেখা যাবে মাহমুদ মাহিনের ‘বেসড অন ট্রু স্টোরি’ নাটকে।
ফারহান ও সাফা জানান, ঈদের একাধিক নাটকে জুটি বেঁধেছেন তারা। তাদের অভিনীত নাটকগুলো দর্শকদের ভিন্ন স্বাদ দেবে বলে প্রত্যাশা তাদের। ঈদে ‘মৎস্য কন্যা’ হয়ে আসছেন সাফা কবির। মো. জামাল হোসেনের গল্প ভাবনায় ‘মৎস্য কন্যা’ নাটকটি পরিচালনা করেছেন সেরনিয়াবাত শাওন। এতে তার বিপরীতে রয়েছেন খায়রুল বাশার। একজন সহজ-সরল মানুষের প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে এনটিভির নাটক ‘সদা সত্য বলিব’। আশরাফুল চঞ্চলের রচনা ও সাগর জাহানের পরিচালনায় এতে অভিনয় করেছেন মোশাররফ করিম ও আইশা খান। একই পরিচালকের হাস্যরসের ‘আদু ভাই’ নাটকেও দেখা যাবে এই জুটিকে। এটি প্রচারিত হবে বাংলাভিশনে। এ ছাড়া আইশা খানকে দেখা যাবে সাইদুর ইমনের ঈদের নাটক ‘সে কী আসবে না’, রাফাত মজমুদার রিংকুর ‘আমি একজন খুনি বলছি’, মোহন আহমেদের ‘হৃদয়ে তুমি’ এবং মিফতাহ আনানের ‘বাবুই পাখির বাসা’ নাটকে। ‘আমি একজন খুনি বলছি’ নাটকে আইশার বিপরীতে আছেন ফারহান আহমেদ জোভান। ‘সে কী আসবে না’ এবং ‘হৃদয়ে তুমি’ নাটক দুটিতে আইশার সঙ্গে আছেন ইয়াশ রোহান।
ঈদে ‘লেডি গ্যাংস্টার’ হয়ে আসছেন তানজিন তিশা। অ্যাকশন থ্রিলার গল্পের নাটক ‘গোলাপী’তে এবার একেবারে ভিন্ন রূপে দেখা যাবে এই অভিনেত্রীকে। নাটকটিতে তিনি অভিনয় করেছেন গোলাপী চরিত্রে। মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন রুবেল হাসান। এতে তিশার বিপরীতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। নাটকটি সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। তরুণ প্রজন্মের অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী এবার ঈদ উপলক্ষে বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন। সম্প্রতি তিনি শেষ করেছেন রোমান্টিক গল্পের নাটক ‘মন ফড়িং’-এর কাজ। ইমরাউল রাফাতের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত এই নাটকে তটিনীর সঙ্গে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান। পাশাপাশি একই নির্মাতার ‘জখম’ নাটকেও অভিনয় করেছেন তটিনী। এ ছাড়া জাহিদুল ইসলাম সুজন পরিচালিত ‘কসম’ নাটকে তাকে দেখা যাবে জোভানের বিপরীতে। প্রতিবছরের মতো ঈদেও প্রায় ডজনখানেক নাটকে দেখা যাবে মুশফিক আর ফারহানকে। এর মধ্যে রয়েছে ‘উই টাইম’, ‘বেসড অন ট্রু স্টোরি’, ‘লেলিন’, ‘পরান পাখি’ এবং ‘আনারকলি’। ভিন্ন ভিন্ন গল্প ও চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে নতুনভাবে হাজির হওয়ার চেষ্টা করছেন এই অভিনেতা।
আরেক তারকা অভিনেতা ফারহান আহমেদ জোভান অভিনীত ঈদের নাটকগুলোর মধ্যে রয়েছে ‘কলেজ ডেজ’, ‘গুডলাক’, ‘হৃদয়ের ওপাশে তুমি’, ‘বাতাসের ফুল’ এবং ‘প্রিয় নামে ডেকো’। ডিজিটাল প্ল্যাটফর্মেও থাকছে তার উপস্থিতি। ইউটিউবে মুক্তি পাবে তপু খানের নির্মাণে নাটক ‘হ্যাপি ডিভোর্স’। এতে জোভানের বিপরীতে অভিনয় করেছেন কেয়া পায়েল। এক দম্পতির সন্তান নেওয়া নিয়ে দ্বিধা, হাস্যরস এবং বাস্তবতার গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে নাটকটি।
বর্তমান সময়ের আলোচিত অভিনেত্রী নাজনীন নীহাও ঈদের নাটকে ভিন্নধর্মী কিছু কাজ নিয়ে হাজির হচ্ছেন। রোমান্টিক ঘরানার নাটকে তাকে বেশি দেখা যায়। সম্প্রতি তিনি তৌসিফ মাহবুবের সঙ্গে একটি নতুন রোমান্টিক নাটকের শুটিং শেষ করেছেন। যদিও নাটকটির নাম এখনও ঠিক হয়নি। এ ছাড়াও আরও দুটি নাটকে তাকে দেখা যাবে।
ঈদের নাটকে উপস্থিত থাকছেন অভিনেতা ইয়াশ রোহানও। তানজিন তিশার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন নাটক ‘কিসমত’-এ। মুহাম্মাদ মিফতাহ আনানের রচনা ও পরিচালনায় নির্মিত এই নাটকে ইয়াশ অভিনয় করেছেন ফাহাদ চরিত্রে, যে স্বল্পভাষী, শান্ত স্বভাবের এক তরুণ। তার জীবন সীমাবদ্ধ বাসা, অফিস ও লাইব্রেরির মধ্যে। বিপরীতে তিশা অভিনয় করেছেন সায়রা চরিত্রে। দীর্ঘ বিরতির পর আবার শুটিংয়ে ফিরেছেন অভিনেতা নিলয় আলমগীর। ব্যক্তিগত কারণে কয়েক মাস যুক্তরাষ্ট্রে থাকার পর দেশে ফিরে আবার অভিনয়ে ব্যস্ত হয়ে পড়েছেন তিনি। দেশে ফিরে নতুন একটি নাটকের মাধ্যমে শুটিং শুরু করেছেন নিলয়। নাটকটি পরিচালনা করছেন নাজমুল রনি। এতে তার সহশিল্পী নীলাঞ্জনা নীলা। নিলয়ের সঙ্গে জুটি বেঁধে ঈদে পর্দায় বেশি দেখা যায় জান্নাতুল সুমাইয়া হিমিকে। নিলয় দেশের বাইরে থাকায় তার সঙ্গে ঈদের কাজ খুব একটা হয়নি হিমির। এই জুটি ‘বউয়ের বিয়ে’ নামের নাটকে অভিনয় করেছেন। রচনা ও পরিচালনা করেছেন মহিন খান।
এ ছাড়া হিমিকে দেখা যাবে বর্ণ নাথের পরিচালনায় ‘সোনার চেইন’, ‘আমি বেশি গরিব’ নাটকে মোশাররফ করিমের বিপরীতে। বেশ বিরতির পর ঈদের নাটক দিয়ে এবার কাজে ফিরেছেন মুমতাহিনা টয়া। ‘গোলাপ আর কাঁটা’ নাটকটি পরিচালনা করেছেন ফেরদৌস হাসান। রেজানুর রহমান পরিচালিত নাটক ‘হ্যালো বলো’। অভিনয় করেছেন শানারেই দেবী শানু ও রওনক হাসান। রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে আবুল হায়াত নির্মাণ করেছেন ঈদের নাটক ‘সখিনা’। অভিনয় করেছেন শ্যামল মাওলা, মৌসুমী মৌ ও আবুল হায়াত। নাটকটি প্রচারিত হবে চ্যানলে আইয়ে। একই চ্যানেলে দেখা যাবে সালাহউদ্দিন লাভলুর নাটক ‘সরল সত্যবাদী’। এই নাটকে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, সাইকা আহমেদ, সালাহউদ্দিন লাভলু, বরুণ সরকার ও জুয়েল।
তৌসিফ মাহবুব ও সাদিয়া আয়মান জুটি বেঁধেছেন ‘অন্ধ বালক’ নাটকে। নাজিম-উদদৌলার রচনায় এটি পরিচালনা করেছেন ভিকি জাহেদ। রাফাত মজুমদার রিংকুর ভিন্ন ঘরানার প্রেমের গল্পের ‘ডানা ভাঙা পাখি’ নাটকে অভিনয় করেছেন খায়রুল বাশার ও তানজিম সাইয়ারা তটিনী। একই পরিচালক ইয়াশ রোহান ও আইশা তাহিয়া খানকে নিয়ে নির্মাণ করেছেন ‘আমার হয়ে থেকো’। খায়রুল বাশার ও তটিনী অভিনীত ‘ভেজা চোখ’। নাটকটি নির্মাণ করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। ফারহান আহমেদ জোভান ও গায়িকা পড়শি অভিনয় করেছেন ‘মন প্রিয়া’ নাটকে। এটি পরিচালনা করেছেন মহিদুল মহিম। এতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন তাহমিনা মৌ।