- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৩-৩-২০২৬, সময়ঃ সন্ধ্যা ০৬:৫৭
সামান্য বৃষ্টিতেই কাদা-পানিতে চরম জনদুর্ভোগ
সাঘাটা প্রতিনিধি ►
গাইবান্ধার সাঘাটা উপজেলা সদরের বোনারপাড়া চারমাথা থেকে রেলওয়ে জংশন স্টেশন পর্যন্ত সড়কসহ বাজারের অলিগলির বেহাল দশায় চরম জনদুর্ভোগের সৃষ্টি করেছে। দীর্ঘদিন সংস্কারের অভাব ও অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার কারণে সামান্য বৃষ্টিতেই বাজার এলাকার বিভিন্ন সড়ক ও গলিতে পানি জমে থাকে।
স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা জানান, বোনারপাড়া চারমাথা থেকে বাজার হয়ে বোনারপাড়া রেলওয়ে জংশন স্টেশন পর্যন্ত সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ পথে দিন-রাত ২৪ ঘণ্টা ট্রেনযাত্রীসহ ছোট-বড় যানবাহন, অটোরিকশা ও রিকশা চলাচল করে। কিন্তু বর্তমানে সড়কটির বেহাল অবস্থার কারণে তা প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
কাদা ও জমে থাকা পানির কারণে প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষ করে বাজারের ভেতরের অলিগলিগুলোতে হাঁটা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। মাছ বাজার ও কাঁচাবাজার এলাকাও একই অবস্থায় পড়ে রয়েছে, যেখানে পানি নিষ্কাশনের কোনো কার্যকর ব্যবস্থা নেই। এতে করে বাজারের কেনা-বেচা স্থবির হয়ে পড়েছে। বাজারের কাপড় ব্যবসায়ী আব্দুল জলিল তোতা বলেন, বাজারের অলিগলিতে পানি আর কাদা জমে থাকার কারণে ক্রেতারা না আসায় এবার ঈদে দোকানে তেমন বিক্রয় হয়নি।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এ সমস্যা চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়ছে না। ফলে দিন দিন ভোগান্তি বেড়েই চলেছে। ফলে এখানকার লোকজন কেনাকাটার জন্য বাধ্য হয়ে দূরের বাজারগুলোর দিকে ছুটছে। বাজার সংশ্লিষ্টরা জানান, বাজারের উন্নয়ন কাজের ব্যাপারে চেষ্টা চলছে। দ্রুত সড়ক সংস্কার এবং আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দাদের।