- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৬-৩-২০২৬, সময়ঃ বিকাল ০৩:৩৪
পলাশবাড়ী থানায় ঢুকে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক ১
পলাশবাড়ী প্রতিনিধি ►
পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে যুব জামায়াতের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় গাইবান্ধার পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), এক নারী কনস্টেবলসহ অন্তত আট পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তৌহিদুল ইসলাম কানন নামে একজনকে আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে পলাশবাড়ী থানার ওসি সরোয়ার আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (২৫ মার্চ) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানায়, রাত ১০টার দিকে যুব জামায়াতের কয়েকজন নেতাকর্মী একটি লিখিত অভিযোগ নিয়ে ওসির কক্ষে প্রবেশ করেন। অভিযোগটি গুরুত্বসহকারে বিবেচনা করে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ওসি। তবে অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার দাবিতে তারা চাপ সৃষ্টি করলে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ওসিকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ রয়েছে। এ সময় অন্য পুলিশ সদস্যরা এগিয়ে এলে হাতাহাতির ঘটনা ঘটে।
এ ঘটনায় ওসি সরোয়ার আলম খান, এক নারী কনস্টেবলসহ আটজন পুলিশ সদস্য আহত হন। তাদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অন্যদিকে, যুব জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের দুই কর্মীও আহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে আটক করেছে।
পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার আব্দুল্যাহ সোহাগ সাংবাদিকদের জানান, রাত দশটার পর আহত অবস্থায় সাতজন পুলিশ সদস্য স্বাস্থ্য কমপ্লেক্সে আসে এবং প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। ঘটনার পর গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য মো. নজরুল ইসলাম লেবু, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) আবুল কাওছারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।