• মাধুকর প্রতিনিধি
  • ২৩ ঘন্টা আগে

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তায় গোবিন্দগঞ্জে প্রকল্প শুরু



নিজস্ব প্রতিবেদক

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশন। Start Fund Bangladesh এর সহায়তায় এসকেএস ফাউন্ডেশন Rapid Response for Strom-Affected Communities নামে একটি প্রকল্প হাতে নিয়েছে। যার আওতায় সরকারি সহায়তার বাইরে থাকা নির্বাচিত ৩০০ পরিবারের প্রত্যেক পরিবার পাবে আর্থিক সহায়তা। 

রাজাহার ইউনিয়নের দুটি ওয়ার্ড যথাক্রমে ৩ ও ৬নং-এর কুকরাইল ও দুবলাগাড়ি গ্রামের ক্ষতিগ্রস্ত ও নির্বাচিত ঐ ৩০০ পরিবারের প্রত্যেক পরিবারকে ছয় হাজার টাকা করে এবং এইসব পরিবারে থেকে অধিক ক্ষতিগ্রস্ত ৪০টি নির্বাচিত পরিবারকে আরো ২০ হাজার টাকা বাড়ি মেরামত বাবদ বিকাশের মাধ্যমে প্রদান করা হবে। আর্থিক সহায়তার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘরবাড়ি পুননির্মাণে প্রয়োজনীয় পরামর্শ সহায়তা একইসঙ্গে দুর্যোগজনিত মানসিক চাপ মোকাবিলা ও সার্বিক সুস্থতা নিশ্চিত করতে মানসিক স্বাস্থ্য সহায়তাও প্রদান করা হবে।  

আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার-এর সভাকক্ষে অনুষ্ঠিত প্রকল্পটির উদ্বোধনী সভায় এই তথ্য জানান এসকেএস ফাউন্ডেশনের ডেভেলপমেন্ট প্রোগ্রামস-এর পরিচালক খন্দকার জাহিদ সরোওয়ার। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য শামীম কায়সার লিংকন। তিনি বলেন, “ঘূর্ণিঝড়ের পাশাপাশি শিলাবৃষ্টির কারণে ক্ষতির পরিমাণ অনেক বেশি হয়েছে। এই ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি-বেসরকারি সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।” তিনি শিলাবৃষ্টিজনিত ক্ষয়ক্ষতি বিবেচনায় নিয়ে ভবিষ্যতে আলাদা কোনো প্রকল্প গ্রহণের সম্ভাবনাও খতিয়ে দেখার আহ্বান জানান এবং এ ক্ষেত্রে প্রশাসনের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

উল্লেখ্য, গত ১৫ মার্চ ২০২৬ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নে আঘাত হানা ঘুর্ণিঝড়ে ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়। ঝড়ের পরে শিলাবৃষ্টিও হয়। তাতে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেড়ে যায়। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তায় সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানও সহায়তা হাত বাড়িয়ে দেয়। তারই অংশ হিসেবে এসকেএস ফাউন্ডেশন Start Fund Bangladesh এর সহায়তায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে সহায়তার লক্ষ্যে Rapid Response for Strom-Affected Communities নামে প্রকল্পটি গ্রহণ করে। 

সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও সাংবাদিকসহ আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী এবং রাজাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম। তারা মানবিক এই উদ্যোগের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত ঘুরে দাঁড়াতে পারবে বলে আশা প্রকাশ করেন।