• মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে

পলাশবাড়ীতে জামায়াত নেতা মিজান আটক, জিজ্ঞাসাবাদের জন্য ডিবি অফিসে



নিজস্ব প্রতিবেদক

গাইবান্ধার পলাশবাড়ীতে জামায়াতে ইসলামীর এক নেতাকে আটক করেছে পুলিশ। আটক মো. মিজানুর রহমান মিজান পলাশবাড়ী পৌর জামায়াতের সাবেক আমীর এবং উপজেলা পেশাজীবী বিভাগের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ শুক্রবার (২৭ মার্চ) ভোররাতে পৌর শহরের গৃধারীপুর এলাকার নিজ বাসা থেকে মিজানুর রহমানকে আটক করা হয়। একই সময় তার বাবা গোলাম মোস্তফাকে ঘোড়াঘাট এলাকা থেকে আটক করা হলেও সকালে তাকে ছেড়ে দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে যে, আটক মিজানুর রহমানকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য গাইবান্ধা জেলা গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে প্রেরণ করা হয়েছে। তবে তাকে আটকের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে এ বিষয়ে পরবর্তী তথ্য নিশ্চিত হওয়া যাবে।

এদিকে দলীয় সূত্রের দাবি, গত ২৫ মার্চ পলাশবাড়ী থানায় ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে তাকে আটক করা হয়ে থাকতে পারে। তবে ওই ঘটনার সঙ্গে মিজানের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছে উপজেলা জামায়াত। একই সঙ্গে তারা আটক নেতার নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।