• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৮-৩-২০২৬, সময়ঃ দুপুর ০২:১২

স্বাধীন ও শক্তিশালী পুলিশ সংস্কার কমিশন গড়ে তুলতে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী



অনলাইন ডেস্ক

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট না। সুতরাং যাতে আগের ঐতিহ্যমণ্ডিত যেকোনো একটি পোশাক ফিরিয়ে আনা যায় সে বিষয়ে সরকারের সর্বোচ্চ পর্যায়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

‎আজ ২৮ মার্চ শনিবার দুপুরে পুলিশ একাডেমি সারদায় ৪৩তম বিসিএস (পুলিশ) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এর আগে সারদার প্যারেড গ্রাউন্ডে এই অনুষ্ঠানে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন মন্ত্রী। এরপর শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ক্যাডেটদের কুচকাওয়াজ পরিদর্শন ও পুরস্কার প্রদান করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বাধীন ও শক্তিশালী পুলিশ সংস্কার কমিশন গড়ে তুলতে কাজ করছে সরকার। এই সংস্কার কমিশনের একমাত্র উদ্দেশ্য পুলিশ বাহিনীকে রাজনৈতিক হস্তক্ষেপ থেকে সম্পূর্ণ মুক্ত রাখা।

‎এ সময় তিনি বলেন, ফ্যাসিবাদ আমলে অন্যান্য প্রতিষ্ঠানের মতো পুলিশ বাহিনীও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ভঙ্গুর অবস্থা থেকে আজ এই পর্যায়ে ক্রমান্বয়ে উন্নয়ন ঘটেছে। বর্তমান সরকার বিশ্বাস করে পুলিশ কোনো গোষ্ঠী বা বিশেষ রাজনৈতিক দলের লাঠিয়াল বাহিনী নয়।

তিনি বলেন, পুলিশ হবে জনগণের অকৃত্রিম বন্ধু। আমাদের নির্বাচনী ইশতেহারেও ঘোষণা করেছি, পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত করে আধুনিক, মানবিক ও সেবাধর্মী বাহিনী হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। সে লক্ষ্যে পুলিশের মনোবল বৃদ্ধিসহ দক্ষ জনবল বৃদ্ধিতে সরকার কাজ করছে। এ সময় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আইজিপি মো. আলী হোসেন ফকিরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২৫ সালের ১ মার্চ শুরু হওয়া ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের ৭২ জন প্রশিক্ষণার্থী আজকের এই প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে বাস্তব কর্মজীবনে প্রবেশ করলেন।