• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৩০-৩-২০২৬, সময়ঃ সকাল ০৮:৪৯

সুন্দরগঞ্জ পৌর সড়কে হাটু পানি পথচারীদের চরম ভোগান্তি



সুন্দরগঞ্জ প্রতিনিধি ►

সুন্দরগঞ্জ পৌরসভার কাঁঠালতলী মোড় হতে পল্লী বিদ্যুৎ স্টেশন পর্যন্ত সড়কে সামান্য বৃষ্টি হলেই জমে যাচ্ছে হাটু পানি। সে কারণে স্কুল কলেজগামী শিক্ষার্থীসহ পথচারীগণ চরম ভোগান্তির শিকার হচ্ছেন প্রতিনিয়ত। নালা বা ড্রেনের মুখ বন্ধ থাকায় পানি নিস্কাশন না হওয়ার কারণে পৌরসভার সর্বত্রই এ সমস্যা দেখা দিয়েছে। এনিয়ে পৌর প্রশাসকের নেই কোনো মাথা ব্যাথা। দীর্ঘ ২৫ বছরেও পৌরবাসী পৌরসভা থেকে প্রয়োজনীয় সেবা হতে বঞ্চিত রয়েছেন দাবি অভিজ্ঞ মহলের। 

মহিলা ডিগ্রী কলেজ এলাকার ফরহাদ মিয়া বলেন, পল্লী বিদ্যুৎ স্টেশন সংলগ্ন স্থানে সব সময় পানি জমে থাকে। ঝড়-বৃষ্টির সময় হাটু পানি জমে যায়। তাছাড়া ড্রেনের মুখ বন্ধ থাকায় সব সময় ওই স্থানে পানি জমে থাকে। বিষয়টি বহুবার পৌর কর্তৃপক্ষকে জানানোর পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সে কারণে পথচারীগণকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। 

সুন্দরগঞ্জ কিন্ডার গার্ডেন স্কুলের কর্তৃপক্ষ মো. ছামিউল ইসলাম বলেন, কেজি স্কুলের সামনেই এই অবস্থা। প্রতিদিন শিক্ষার্থী কষ্ট করে স্কুলে যাওয়া আসা করছেন। বর্তমানে শিক্ষার্থীদের প্যান্ট এবং জুতা ভিজে যাচ্ছে পানি জমে থাকার কারণে। 

এ প্রসঙ্গে পৌর প্রশাসক ঈফফাত জাহান তুলি বলেন, পৌরসভায় ড্রেনের কাজ চলমান রয়েছে। সে কারণে অনেক ড্রেনের মুখ বন্ধ রয়েছে। যার কারণে এই সমস্যা। ওই সড়কের ড্রেনটি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় নির্মাণ হয়েছে। কেন ড্রেন থেকে পানি সড়কে আসে। তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।