• মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে

পেট্রোল ও অকটেন সংকটে, হাজারও কর্মজীবী বেকার



সুন্দরগঞ্জ প্রতিনিধি ► 

পেট্রোল ও অকটেন সংকটের কারনে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় হাজারও কর্মজীবী মানুষ বেকার হয়ে পড়েছেন। পেট্রোল ও অকটেন দিয়ে চালিত মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে হাজারও মানুষ ব্যবসা বাণিজ্য, কর্মসংস্থান ও রুজি রোজগারের ব্যবস্থা করে আসছিল। হঠাৎ পেট্রোল ও অকটেন সংকটের কারনে ওই কর্মজীবী মানুষের কর্মসংস্থান বর্তমানে বন্ধ হয়ে গেছে। রুজি রোজগার করতে না পারলে ওইসব মানুষকে পরিবার পরিজন নিয়ে পথে বসতে হবে দাবি সচেতন মহলের। এ অবস্থা চলতে থাকলে বেকারত্বের সংখ্যা দিন দিন বাড়তে থাকবে। 

মোটরসাইকেল চালিয়ে সিগারেটের ব্যবসা করেন সুন্দরগঞ্জ পৌরসভার কলেজ পাড়ার মতিয়ার রহমান। গত এক সপ্তাহ ধরে তিনি পেট্রোল ও অকটেন না পাওয়ায় মোটরসাইকেল চালাতে পারছেন না। যার জন্য তার ব্যবসা বন্ধ। তিনি বলেন, প্রতিদিন সিগারেট বিক্রি করে যে লাভ হয়, তা দিয়ে সংসার চলে। এ অবস্থায় চরম বিপাকে রয়েছেন তিনি। দ্রুত এ সমস্যা সমাধান না করলে হাজার কর্মজীবী বেকার হয়ে পড়বে। তিনি বলেন, উপজেলায় কমপক্ষে দেড় হাজার মানুষ মোটরসাইকেল রুটি, বিস্কুট, দুধ, ডিম, মসলা, সিগারেট, জদ্দা, কাপড় বিক্রিসহ নানাবিধ ব্যবসা করছেন।  

বেলকা নবাবগঞ্জ চরের দুধ ব্যবসায়ী ফরমান আলী বলেন, তিনি প্রতিদিন মোটরসাইকেলে করে চর থেকে দুধ নিয়ে এসে উপজেলা শহরের হোটেলে দিতেন। বর্তমানে পেট্রোল ও অকটেন না পাওয়ায় তিনি আর গাড়ি চালাতে পারছেন না। অন্য যানবাহনে করে এ ব্যবসা করা সম্ভাব হচ্ছে না। এতে করে তার কর্মসংস্থান বন্ধ হয়ে গেছে। এ অবস্থা চলতে থাকলে পরিজন নিয়ে পথে বসতে হবে।

গাইবান্ধা জেলা জজকোর্টের শিক্ষানবিশ আইনজীবী আনিছুর রহমান বলেন, সুন্দরগঞ্জ থেকে অন্য যানবাহনে করে গাইবান্ধা গিয়ে জজকোটে কাজ করা সম্ভাব হচ্ছে না। পেট্রোল ও অকটেন সংকটের কারনে মোটরসাইকেল নিয়ে যাওয়া সম্ভাব হচ্ছে না। এ সংকটের কারনে তার অনেক ক্ষতি হচ্ছে। 
ফিলিং স্টেশনের মালিক মো. খয়বর হোসেন মওলা বলেন, ডিপোতে ৩ হাজার লিটারের বেশি তেল দিচ্ছে না। সে কারনে সবসময় পাম্প খোলা রাখা সম্ভব হচ্ছে না। তেল না থাকায় বেশির ভাগ সময় পাম্প বন্ধ রাখতে হচ্ছে। হাজারও মোটর সাইকেল চালক তেল না পেয়ে ফিরে যাচ্ছেন। প্রশাসনের নির্দেশনা মোতাবেক তেল দেয়া হচ্ছে। 

হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি মো. মোজাহারুল ইসলাম বলেন, এটি আর্ন্তজাতিক সমস্যা। ইরানে য়ুদ্ধের কারনে এ সমস্যার সৃষ্টি হয়েছে। যুদ্ধ না থামা পর্যন্ত এ সমস্যা চলতে থাকবে। সরকার, প্রশাসন, ফিলিং স্টেশন মালিক, গাড়ি চালসমহ সংশ্লিষ্ট সকলকে মানবিক ও আন্তরিক হয়ে কাজ করতে হবে। তা না হলে সমস্যা বাড়তে থাকবে। 

এ প্রসঙ্গে উপজেলা নিবার্হী অফিসার ঈফফাত জাহান তুলি বলেন, বর্তমান সরকার ডিজেল, পেট্রোল ও অকটেন নিয়ে অত্যন্ত সর্তক অবস্থানে রয়েছেন। সরকারি নির্দেশনা মোতাবেক প্রতিটি ফিলিং স্টেশনে ট্যাক অফিসার নিয়োগ করা হয়েছে। ফিলিং স্টেশন মালিকগণ যে বরাদ্দ পাচ্ছেন তা সুষ্ঠুভাবে বিতরণের ব্যবস্থা করা হচ্ছে। সারা দেশের এই চিত্র।