• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

আফঈদাদের আরেক স্বপ্নের মিশন শুরু বাংলাদেশ থাইল্যান্ড মুখোমুখি আজ



অনলাইন ডেস্ক ►

কিছুদিন আগে অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপ চূড়ান্ত পর্বের খেলা খেলেছে নারী জাতীয় দল। ইতিহাসে প্রথমবার খেলতে নেমে খালি হাতে ফিরেছেন আফঈদা খন্দকাররা। গ্রুপের তিন ম্যাচেই হার মেনেছেন। ফল যা-ই হোক এশিয়ান ফুটবলে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মুখোমুখি হওয়াটা গৌরবের। বাছাই পর্বে মিয়ানমারের মতো শক্তিশালী দেশকে হারিয়ে মূল পর্বে জায়গা করে নিয়েছিলেন বাংলাদেশের মেয়েরা। আফঈদাকে ভাগ্যবতীই বলতে হয়। তাঁরই নেতৃত্বে বাংলাদেশ আরেকটি স্বপ্নের মিশন শুরু করবে আজ। জাতীয় দলের পর নারী অনূর্ধ্ব-২০ দল প্রথমবারের মতো এশিয়ান কাপ চূড়ান্ত পর্বে খেলবে।

থাইল্যান্ডে অনুষ্ঠিত এ আসরে বাংলাদেশ শক্তিশালী গ্রুপেই পড়েছে। চীন ছাড়াও ভিয়েতনাম ও থাইল্যান্ড ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে মাঠে নামবে। সন্ধ্যা ৭টায় স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী ম্যাচ খেলবে। ৪ এপ্রিল চীন ও ৭ এপ্রিল গ্রুপের শেষ ম্যাচে ভিয়েতনামের বিপক্ষে লড়বেন মেয়েরা। ক্রিকেট বিশ্বকাপের সব আসরে বাংলাদেশ নিয়মিত খেলছে। হকিতেও বয়সভিত্তিক দিয়ে বিশ্বকাপের সূচনা করেছে। ফুটবলেই বিশ্বকাপ খেলাটা স্বপ্ন হয়ে আছে। তবে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মাধ্যমে বাংলাদেশের বিশ্বকাপ খেলার সুযোগ থাকছে। কেননা সেমিফাইনালে উঠলেই বিশ্বকাপে খেলার সুযোগ। কাজটি কঠিন হলেও নারী বয়সভিত্তিক দল ভালো খেলে বলেই ইতিহাস গড়ার স্বপ্ন দেখছেন অনেকে।

কোচ পিটার বাটলার অবশ্য বিশ্বকাপ খেলার সম্ভাবনা নিয়ে কোনো মন্তব্য করেননি। তাঁর কথা, ‘টার্গেট ধরে খেললে চাপে থাকতে হয়। তাই তো আমরা চাচ্ছি গ্রুপের তিন ম্যাচকে সমান গুরুত্ব দিতে। কে বেশি বা কম শক্তিশালী এ নিয়ে ভাবনা নেই। সেরাটা দিয়ে খেলতে হবে এটাই বড় কথা।’ অভিজ্ঞ ও নতুন মিলিয়ে দলকে ব্যালান্সড বলেছেন হেড কোচ।

মাত্র কয়েক দিনের ব্যবধানে দেশকে বড় দুই আসরে নেতৃত্ব দেওয়াটা নিঃসন্দেহে গৌরবের। তবে অধিনায়ক আফঈদা খন্দকার বলেন, ‘টিম স্পিরিটই আমাদের শক্তি। সবার সমন্বয়ে আমরা এত দূর আসতে পেরেছি। কতটা ভালো করব তা আগাম বলতে পারব না। তবে চেষ্টা থাকবে সেরাটা দেওয়ার এবং তা সম্মিলিতভাবে।’