- মাধুকর প্রতিনিধি
- ১০ ঘন্টা আগে
চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পা হারালেন পুলিশ সদস্য
নওগাঁ প্রতিনিধি►
নওগাঁর আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পা হারিয়েছেন এমরান মিয়া (২৫) নামের এক পুলিশ কনস্টেবল। আজ সোমবার (৬ এপ্রিল) সকালে আত্রাই রেলওয়ে স্টেশনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, এমরান মিয়া বাগেরহাট জেলায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত। তিনি সীমান্ত এক্সপ্রেস ট্রেনে করে খুলনা থেকে আত্রাইয়ে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। ট্রেনটি আত্রাই স্টেশনে পৌঁছালে গতি কিছুটা কমে আসে। এ সময় চলন্ত ট্রেন থেকে নামার চেষ্টা করলে ভারসাম্য হারিয়ে তিনি ট্রেনের নিচে পড়ে যান। এতে তার দুটি পা হাঁটু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে পরিবারের সদস্যরা তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেছেন।
এ প্রসঙ্গে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, অসাবধানতাবশত চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। বর্তমানে আহত ওই কনস্টেবলকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী পাঠানো হয়েছে।