- মাধুকর প্রতিনিধি
- ১০ ঘন্টা আগে
দিনাজপুরে অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, জরিমানা ৩০ হাজার টাকা
দিনাজপুর প্রতিনিধি► দিনাজপুর শহরের তালতলা এলাকায় অবৈধভাবে পরিচালিত একটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজিত সাহা। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের ডেপুটি সিভিল সার্জন ডা. এস এম শরিফসহ পুলিশ সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। অভিযানে দেখা যায়, ‘রংধনু ক্লিনিক এন্ড নার্সিংহোম’-এ প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদিত চিকিৎসক ছাড়াই চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল। এমনকি অপারেশন থিয়েটারের দায়িত্বে থাকা কাজল রায় নামের এক কর্মচারীর কোনো প্রকার স্বীকৃত প্রশিক্ষণ বা সনদপত্র নেই। এ কারণে প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে ক্লিনিকে থাকা এক প্রসূতি রোগীকে তাৎক্ষণিকভাবে অন্যত্র স্থানান্তর করা হয়। এছাড়া একই ভবনের নিচতলায় অবস্থিত ‘ইউনিক ডায়াগনস্টিক সেন্টার’ প্রয়োজনীয় অনুমোদনপত্র ছাড়াই পরিচালিত হওয়ায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে দুটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে রংধনু ক্লিনিক ও নার্সিংহোমের পার্টনার ললিত রায় ও শেয়ার পার্টনার জয়নুল আবেদিন জরিমানার অর্থ পরিশোধ করেন। তাদের ভবিষ্যতে নিয়ম মেনে প্রতিষ্ঠান পরিচালনার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে। ডেপুটি সিভিল সার্জন ডা. এস এম শরিফ বলেন, সিভিল সার্জন কার্যালয়ের নিকটেই দীর্ঘদিন ধরে অবৈধভাবে এসব প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছিল। জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজিত সাহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। প্রয়োজনীয় কাগজপত্র, অনুমোদিত চিকিৎসক ও সঠিক ব্যবস্থাপনার অভাব থাকায় প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও জানান, জেলার বিভিন্ন স্থানে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।