• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৯-৪-২০২৬, সময়ঃ বিকাল ০৪:০১

সাঘাটায় অবৈধ পেট্রোল মজুদে ডিপো মালিকের কারাদণ্ড, জব্দ ৫০০ লিটার তেল



সাঘাটা প্রতিনিধি ►

গাইবান্ধার সাঘাটা উপজেলার হাঁট ভরতখালী এলাকায় অবৈধভাবে পেট্রোল মজুদ ও ট্যাগ অফিসারের অনুপস্থিতিতে বিতরণের অভিযোগে এক জ্বালানি ডিপো মালিককে অর্থদণ্ড ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার স্থানীয়দের গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে পেট্রোলিয়াম আইন ২০১৬-এর ৪(খ) ধারায় ডিপো মালিক আবুল কালাম আজাদ অলককে ২৭/২০২৬ নং মামলায় ১ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল কবীর। অভিযান চলাকালে ওই ডিপো থেকে প্রায় ৫০০ লিটার পেট্রোল জব্দ করা হয়। পরে জব্দকৃত তেল বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেন আদালত। এ সময় উপস্থিত ছিলেন সাঘাটা থানা পুলিশের এসআই ও মামলার প্রসিকিউটর জিয়াউর রহমান, ট্যাগ অফিসার ও উপসহকারী কৃষি কর্মকর্তা হাসানুর রহমানসহ পুলিশের অন্যান্য সদস্যরা। 

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, এটি ওই ডিপোর বিরুদ্ধে দ্বিতীয়বারের মতো অভিযান। এর আগে গত ২৯ মার্চ অতিরিক্ত মূল্যে জ্বালানি তেল বিক্রির অভিযোগে একই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১২০০ লিটার পেট্রোল জব্দ করা হয় এবং প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, অবৈধ মজুদ ও সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষকে বেশি দামে জ্বালানি কিনতে হচ্ছে। পাম্পে তেল নিতে আসা রাকিবুল হাসান বলেন, “এভাবে সিন্ডিকেটের কারণে সরকারের বদনাম হচ্ছে। এরা তেল কোথা থেকে পায়, তা খতিয়ে দেখা দরকার।”

 এ বিষয়ে ট্যাগ অফিসার হাসানুর রহমান বলেন, তিনি এ বিষয়ে কিছুই জানতেন না এবং ডিপো মালিক তাকে অবহিত করেননি। অন্যদিকে ইউএনও মো. আশরাফুল কবীর জানান, অভিযুক্ত ব্যক্তির কোনো বৈধ লাইসেন্স নেই। জব্দকৃত তেল ট্যাগ অফিসারের তদারকিতে ভোক্তাদের মাঝে বিক্রি করে আদায়কৃত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে, একই দিনে অভিযান শেষে ফেরার পথে পবন তাইড় গ্রামে আব্দুল করীম নামে এক মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালত ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা প্রদান করেন।