• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

ভারত থেকে এল ৫ হাজার মেট্রিক টন ডিজেল, পাইপলাইনে সরবরাহ স্বাভাবিক



অনলাইন ডেস্ক ►

বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে আমদানি করা আরও ৫ হাজার মেট্রিক টন পরিশোধিত ডিজেল বাংলাদেশে আসা শুরু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে এই ডিজেল পাম্পিং কার্যক্রম শুরু হয়।

মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের অপারেশন ম্যানেজার কাজী মো. রবিউল আলম জানান, পাম্পিং শুরুর পর ৪৫ ঘণ্টার মধ্যে এই পুরো চালানটি দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে পৌঁছাবে। অর্থাৎ শনিবার বিকেল ৫টার মধ্যে ডিজেলগুলো মজুত হবে। তিনি আশ্বস্ত করে বলেন, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং সরবরাহ পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক। 

উল্লেখ্য, চলতি এপ্রিল মাসে ২৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে, যার মধ্যে ইতোমধ্যে ৮ হাজার মেট্রিক টন দেশে পৌঁছেছে। গত ১১ ও ২৩ মার্চ এবং ১ এপ্রিলও একই পাইপলাইনের মাধ্যমে ধারাবাহিকভাবে ডিজেল আমদানি করা হয়েছে।