• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

সৈয়দপুর জুমার নামাজের সময় মসজিদে মুসল্লির মৃত্যু



শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি  ►
নীলফামারীর সৈয়দপুরে জুমার নামাজের সময় এক মুসল্লীর মৃত্যুর ঘটনা ঘটেছে। আসলাম (৫৬) নামের ওই ব্যক্তি শহরের নতুন বাবুপাড়া এলাকার বাসিন্দা। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর ১ টা ৫ মিনিটের সময় শহরের কেন্দ্রীয় জামে মসজিদে এই ঘটনা ঘটে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জুমার বয়ান চলার সময় নামাজরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি এবং মসজিদের ভেতরেই ঢলে পড়েন। তাৎক্ষণিকভাবে পাশে থাকা মুসল্লিরা তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আসলাম সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়া এলাকার জাব্বার পান দোকানের সামনে তাসলিম গলির নিবাসী মুত লাল মোহাম্মদ এর চতুর্থ পুত্র। মো.  তাসলিম, মোহাম্মদ জসিম (কাল্লু) এর  ছোট্ট ভাই, আনসারী মেডিকেল ষ্টোর এর মালিক মো. আশরাফ আলী ও মোহাম্মদ ছোটুর পিতা, মোহাম্মদ রাজু, রাহেল, আজাদ ও বাবলু ফল ব্যবসায়ীর চাচা।

মরহুমের জানাজা আজ বাদ নামাজে এশা সৈয়দপুর কেন্দ্রীয় জামে মসজিদে আদায় করা হবে এবং তাঁকে হাতিখানা কবরস্থানে দাফন করা হবে। এই মৃত্যুর খবরে এলাকায় গভীর শোক বিরাজ করছে এবং সর্বস্তরের মানুষ তাঁর রুহের মাগফেরাত কামনা করেছেন। যেন আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধরার তাওফিক দান করেন।

অনেকেই জানান, আসলাম ছিলেন একজন ধর্মপ্রাণ ও বিনয়ী মানুষ। পেশায় একজন ঝাল বুট ও মুড়ি বিক্রেতা। পবিত্র জুম্মার দিনে মসজিদের মতো পবিত্র স্থানে নামাজরত অবস্থায় তার মৃত্যুকে আল্লাহর অশেষ করুনা মনে করছেন। তারা বলেন, “মৃত্যু অবধারিত, তবে এমন পবিত্র সময়ে ও অবস্থায় বিদায় নেওয়া নিঃসন্দেহে সৌভাগ্যের বিষয়।”