- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক মানে না পৌঁছালে ভিসি থাকবেন না: শিক্ষামন্ত্রী
দিনাজপুর প্রতিনিধি ►
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়ে শিক্ষামন্ত্রী আ,ন,ম এহেসানুল হক মিলন ঘোষণা দিয়েছেন আন্তর্জাতিক মানে পৌঁছাতে ব্যর্থ হলে কোনো ভাইস চ্যান্সেলর (ভিসি) পদে থাকতে পারবেন না। বিশ্ববিদ্যালয়গুলোর সার্বিক কার্যক্রম কঠোরভাবে পর্যবেক্ষণে রাখতে মন্ত্রণালয়ে আলাদা সেল গঠনের কথাও জানান তিনি।
আজ শুক্রবার (দুপুর ১২টা) দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, একজন ভাইস চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসক। তিনি কীভাবে শিক্ষার মান উন্নয়ন করছেন, তার পূর্ণ খতিয়ান আমি দেখছি। যে বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক মানে পৌঁছাতে পারবে না, সেই বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে থাকতে পারবে না। তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও বিশ্ববিদ্যালয়গুলোর রিপোর্ট নিজে পর্যবেক্ষণ করছেন এবং প্রতিটি প্রতিষ্ঠানের কার্যক্রম বিশ্লেষণ করে রিপোর্ট সংগ্রহ করা হচ্ছে।
“আমি সব দেখতে চাই ইউজিসির রিপোর্টও থাকবে, আমার নিজস্ব রিপোর্টও থাকবে,” যোগ করেন তিনি। নজরদারিতে আসছে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষামন্ত্রী জানান, শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে মন্ত্রণালয়ে একটি বিশেষ সেল গঠন করা হচ্ছে, যার মাধ্যমে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। স্কুল, কলেজ ও মাদ্রাসায় সিসি ক্যামেরা স্থাপনের বিষয়েও কথা বলেন তিনি।
“শিক্ষকরা অনেক সময় ক্লাসে থাকেন না, শিক্ষার্থীরাও পড়াশোনায় মনোযোগ দেয় না এসব বিষয় নজরদারিতে আনতেই সিসি ক্যামেরা বসানোর নির্দেশ দিয়েছি,” বলেন তিনি। অনিয়মে কঠোর ব্যবস্থা শিক্ষক নিয়োগে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন শিক্ষামন্ত্রী। মেধাবীদের বাদ দিয়ে কোনো নিয়োগ হলে তা কঠোরভাবে দেখা হবে। প্রয়োজনে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে হলেও নিয়োগ প্রক্রিয়া পর্যবেক্ষণ করব,” জোর দিয়ে বলেন তিনি। ফলাফলের ওপর নির্ভর করবে উন্নয়ন তিনি বলেন, ভবিষ্যতে শিক্ষা খাতে উন্নয়ন হবে সম্পূর্ণ ফলাফলভিত্তিক। রেজাল্ট বাড়লে ডেভেলপমেন্টও বাড়বে।
শুধু বিল্ডিং নয়, শিক্ষার গুণগত মান বাড়ানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নবীন শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, “তোমাদের দিকে তাকিয়ে আছে পুরো জাতি। তোমাদের অভিভাবকেরা। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি মুহূর্ত কাজে লাগাতে হবে। আজকের সময়ই তোমাদের আগামী দিনের ভবিষ্যৎ গড়বে। বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এনামুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম মঞ্জু, দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমসহ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, প্রো-ভিসি, ট্রেজারার ও অন্যান্য কর্মকর্তারা।