• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

এসএসসি পরীক্ষার আগমুহূর্তে ১৫০ পরীক্ষার্থীর প্রবেশপত্রে ভুল: চরম অনিশ্চয়তায় শিক্ষার্থী ও অভিভাবকরা



আমিনুল হক, ফুলছড়ি

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া এম এ ইউ একাডেমির প্রায় ১৫০ জন এসএসসি পরীক্ষার্থীর প্রবেশপত্রে গুরুতর ভুল ধরা পড়েছে। পরীক্ষা শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে এমন জটিলতায় পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর ওই প্রতিষ্ঠান থেকে ২১২ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৬৮ জন এবং মানবিক বিভাগে ১৪৫ জন শিক্ষার্থী রয়েছে। সম্প্রতি বিদ্যালয় থেকে প্রবেশপত্র বিতরণের সময় শিক্ষার্থীদের নজরে আসে যে, প্রবেশপত্রগুলোতে তথ্যের ব্যাপক অসংগতি রয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ, অনেকের প্রবেশপত্রে বাবা-মায়ের নাম ভুল, কারও ছবির জায়গায় অন্য শিক্ষার্থীর ছবি বসানো হয়েছে। আবার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর প্রবেশপত্রে মানবিক বিভাগ উল্লেখ রয়েছে। কিছু শিক্ষার্থী এখনও প্রবেশপত্রই পাননি। জাফরিন আকতার বলেন, তার পিতার নামের বানান ভুল। অষ্টম শ্রেণির নামের সাথে অসংগতি। প্রায় এরকম ভুল হয়েছে নিরব হোসেন সহ অনেক শিক্ষার্থীর।

ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ের অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় গাফিলতি এবং বাইরের অদক্ষ কাউকে দিয়ে ফরম পূরণের কাজ করানোর কারণেই এমন বড় ভুল হয়েছে। এ ঘটনায় আজ বিদ্যালয় প্রাঙ্গণে অভিভাবক ও শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। পরীক্ষার ঠিক আগমুহূর্তে এমন ভুল সংশোধনে শিক্ষা বোর্ডের শরণাপন্ন হতে হওয়ায় শিক্ষার্থীদের মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় দেখা গেছে।

তবে এসব অভিযোগ স্বীকার করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রায়হান সরকার। তিনি বলেন, “ভুল হয়েছে, তবে দ্রুতই সংশোধনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোনো শিক্ষার্থী পরীক্ষা থেকে বঞ্চিত হবে না।”

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মনিরুল ইসলাম দায়িত্ব এড়িয়ে বলেন, বিষয়টি পুরোপুরি শিক্ষা বোর্ড ও বিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্ব। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান বিষয়টিকে গুরুত্বের সাথে নিয়েছেন। বিষয়টি তিনি আগে জানতেন না। এখন খোঁজ নিয়ে যেন কোনো শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ থেকে বঞ্চিত না হয়, সে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, আগামীকাল বুধবার থেকে সারা দেশে একযোগে এসএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। পরীক্ষার আগের মুহূর্তে এমন প্রশাসনিক জটিলতা পরীক্ষার্থীদের স্বাভাবিক প্রস্তুতিতে বড় ধরনের বাধা হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় সচেতন মহল দ্রুত সময়ের মধ্যে নির্ভুল প্রবেশপত্র সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছে।