• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

গোবিন্দগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত



গোবিন্দগঞ্জ প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক সংঘর্ষে ভাতিজার লাঠির আঘাতে চাচা কফিল উদ্দিন মাস্টার (৬৫) নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫ জন। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিপুর (মধ্যপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কফিল উদ্দিন মাস্টার ওই গ্রামের মৃত. ফজর উদ্দিনের ছেলে।

তিনি স্থানীয় রামচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক ছিলেন। আহতরা হেলন, কফিল উদ্দিন মাস্টারের স্ত্রী পান্না বেগম (৫০), একই গ্রামের মধু মিয়ার স্ত্রী দুলুফা বেগম (৩২), আব্দুর রহিম মিয়ার ৩ ছেলে মতিয়ার রহমান (৪২), মধু মিয়া (৩৯) ও আতোয়ার রহমান (৩৫) কে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানান, কফিল উদ্দিন মাস্টারের সাথে তাঁর আপন ভাতিজা আব্দুল জলিল মেম্বরের জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে মঙ্গলবার সকালে তাদের মধ্যে কথাকাটি শুরু হয়।

এক পর্যায়ে দুই পক্ষের সংঘর্ষ বাধে। এসময় প্রতিপক্ষের লাঠির আঘাতে কফিল উদ্দিন মাস্টার ঘটনাস্থলে মারা যান। গোবিন্দগঞ্জ থানার ওসি মোহাম্মদ মোজাম্মেল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়েছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের আটক করতে পুলিশ অভিযান অব্যাহত আছে। এবং আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।