- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
কুড়িগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষ: শিশুসহ নিহত ৩, আহত ১১
কুড়িগ্রাম প্রতিনিধি►
কুড়িগ্রামের নাগেশ্বরীতে গভীর রাতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ তিনজনের প্রাণহানি ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নাগেশ্বরী পৌরসভার বাঁশের তল এলাকায় একটি দ্রুতগামী ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-৭ বছরের শিশু ছাদিয়া আক্তার, ২৮ বছর বয়সী শামিম মিয়া এবং ৩৮ বছর বয়সী জাহিদুল ইসলাম। তারা সবাই ভুরুঙ্গামারী উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। দুর্ঘটনায় মাইক্রোবাসের চালকসহ আরও ১১ জন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। আহতদের প্রথমে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘাতক ট্রাকটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে এবং সড়কে যান চলাচল বর্তমানে স্বাভাবিক রয়েছে। এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।