- মাধুকর প্রতিনিধি
- ২১ মিনিট আগে
গোবিন্দগঞ্জে চাঁদা দাবি, হামলা ও বাড়ি ভাঙচুরের অভিযোগে মামলা; গ্রেফতার ৮
গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় চাঁদা না পেয়ে হামলা ও বাড়ি ভাঙচুরের অভিযোগে দায়ের হওয়া মামলায় ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ৬ মে বুধবার অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। উপজেলার নাকাই ইউনিয়নের পাটোয়া মালেনীপাড়া গ্রামের মোঃ আতিকুর রহমান সরকার বাদী হয়ে গত ৪ মে গোবিন্দগঞ্জ থানায় ১২ জনের নামে মামলা দায়ের করেন।
এজাহারে বাদী অভিযোগ করেন পারিবারিক ও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আসামিরা তার পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ৩০ মার্চ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তারা বাড়িতে হামলা চালায়। এসময় বাদীর পিতা, মাতা ও স্ত্রী আহত হন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এছাড়াও বাদীকে জোরপূর্বক তুলে নিয়ে একটি ঘরে আটকে রাখা, নগদ ২ লাখ টাকা চুরি এবং বসতবাড়িতে ভাঙচুর চালিয়ে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করার অভিযোগ আনা হয়েছে।
পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক জানান, মামলার এজাহারভুক্ত ৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার তাদের আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।