- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ৮-৫-২০২৬, সময়ঃ সকাল ০৯:৫১
ফুলছড়িতে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী লালন মিয়া গ্রেপ্তার
ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি ►
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত মাদক ব্যবসায়ী লুৎফর রহমান লালন ওরফে লালন মিয়াকে (৩৮) গ্রেপ্তার করেছে ফুলছড়ি থানা পুলিশ। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
আজ শুক্রবার (৮ মে) ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুরুল হোদার নির্দেশনায় থানা পুলিশের একটি বিশেষ দল উপজেলার দক্ষিণ মদনের পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া লালন মিয়া ওই এলাকার আব্দুল করিম মোল্লার ছেলে।
পুলিশ জানায়, লালন মিয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এর মধ্যে ফুলছড়ি থানায় দুটি, সাঘাটা থানায় দুটি, গাইবান্ধা সদর থানায় একটি এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কর্ণফুলী থানায় একটি মামলা চলমান রয়েছে। কর্ণফুলী থানার মামলায় তাঁর বিরুদ্ধে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট রয়েছে।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা বলেন, মাদক নির্মূলে ফুলছড়ি থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় মাদক কারবার ও অপরাধ কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি মাদক কারবারিদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।