• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

সাফ নারী চ্যাম্পিয়নশিপের লক্ষ্যে ব্যাংককে কঠোর অনুশীলনে বাংলাদেশ দল



অনলাইন ডেস্ক ►

আসন্ন সাফ নারী চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে থাইল্যান্ডের ব্যাংককে নিবিড় অনুশীলন শুরু করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। হেড কোচ পিটার বাটলারের অধীনে দলের ফুটবলাররা গতকাল তাদের তৃতীয় দিনের সফল অনুশীলন সম্পন্ন করেছেন। প্রতিদিন সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এই সেশনে মূলত খেলোয়াড়দের পাসিং, বল পজিশন এবং পজিশন-ভিত্তিক কৌশলের ওপর জোর দেওয়া হচ্ছে।

তীব্র গরমের মধ্যে নিজেদের ফিট রাখতে ফুটবলাররা কঠোর পরিশ্রম করছেন। ডিফেন্ডার ও মিডফিল্ডারদের মধ্যে সমন্বয় বৃদ্ধিতে বিশেষ ড্রিল করানো হচ্ছে। অনুশীলন শেষে ফুটবলারদের আইস বাথ রিকভারিও দেওয়া হচ্ছে যাতে কেউ ইনজুরিতে না পড়েন। বাফুফে জানিয়েছে, বর্তমানে স্কোয়াডের সব সদস্য সুস্থ আছেন।

এদিকে গতকাল থাইল্যান্ডের লিগ-১ ক্লাব ক্যাসেম বুনদিত এফসির বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ হওয়ার কথা থাকলেও কোচের সিদ্ধান্তে সেটি একদিন পিছিয়ে আজ অনুষ্ঠিত হবে। কোচ বাটলার মনে করেন, বাড়তি একদিন অনুশীলনের ফলে খেলোয়াড়রা থাইল্যান্ডের কন্ডিশনের সঙ্গে আরও ভালোভাবে মানিয়ে নিতে পারবেন। এই প্রস্তুতি ম্যাচগুলোই বলে দেবে সাফ মিশনে বাংলাদেশ কতটা প্রস্তুত।