- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
নজরুল বিশ্ববিদ্যালয় পরিদর্শনে সংস্কৃতি মন্ত্রী
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ►
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী, এমপি। গত সোমবার তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে পৌঁছালে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। এ সময় ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।
উপাচার্যের কার্যালয় সংলগ্ন কনফারেন্স কক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত সভায় মন্ত্রী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও অবকাঠামোগত বিভিন্ন দিক সম্পর্কে অবহিত হন। সভায় মন্ত্রী তাঁর বক্তব্যে কবি নজরুলের অসাম্প্রদায়িক চেতনা ও বহুমুখী প্রতিভার স্মৃতিচারণ করেন। তিনি বলেন, ত্রিশালের এই পূণ্যভূমিতে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়কে এমনভাবে গড়ে তুলতে হবে যেন বিদেশি শিক্ষার্থীরা এখানে পড়তে আসে এবং এটি একটি পর্যটন এলাকা হিসেবে পরিচিতি পায়। এই লক্ষ্য অর্জনে বিশেষ করে বিভিন্ন ভাষা শিক্ষার জন্য একটি ‘ভাষা ইনস্টিটিউট’ খোলার প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
বক্তব্যের এক পর্যায়ে মন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান প্রসঙ্গে বলেন, এই বিশ্ববিদ্যালয়ের উদ্বোধনের স্থানটি বর্তমানে সীমানার বাইরে রাখা হলেও সত্য ও কর্মকে কখনো মুছে ফেলা সম্ভব নয়। তিনি মন্তব্য করেন যে, সূর্যের আলোকে যেমন হাত দিয়ে ঢেকে রাখা যায় না, তেমনি ইতিহাসও নিজস্ব গতিতে উজ্জ্বল থাকে।
সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন তাঁর বক্তব্যে জানান, আসন্ন ১২৭তম নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিশালে ৫ দিনব্যাপী এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন যে, এই অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে প্রতিদিন সরকারের বিভিন্ন মন্ত্রী ও দেশবরেণ্য সুধীজনেরা অংশ নেবেন বলে তিনি জানান।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, প্রক্টর, প্রভোস্টসহ শিক্ষক-শিক্ষার্থী এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মূলত ময়মনসিংহে নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠানের প্রস্তুতি সভা শেষেই মন্ত্রী এই বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আসেন।