- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
বাউফলে স্কুলে যাওয়ার পথে নিখোঁজ ৪ ছাত্রী: উৎকণ্ঠায় পরিবার
অনলাইন ডেস্ক ►
পটুয়াখালীর বাউফল উপজেলায় এক উদ্বেগজনক ঘটনা ঘটেছে। বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে গত দুই দিন ধরে নিখোঁজ রয়েছে চার স্কুলছাত্রী। গত রোববার সকালে উপজেলার নাজিরপুর-তাতেরকাঠি ইউনিয়ন থেকে তারা নিখোঁজ হয়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাদের কোনো হদিস না মেলায় নিখোঁজ শিক্ষার্থীদের পরিবারগুলোতে কান্নার রোল পড়েছে।
নিখোঁজ ছাত্রীরা হলো- নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী সানজিদা আক্তার (১২) ও ইসমত জেরিন (১২), একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী সানজিদা আক্তার রায়সা (১৩) এবং অন্য একটি প্রতিষ্ঠানের শিক্ষার্থী আয়শা আক্তার (১৫)।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো গত রোববার সকালেও তারা বই-খাতা নিয়ে স্কুলের উদ্দেশ্যে বের হয়েছিল। কিন্তু ছুটির সময় পেরিয়ে গেলেও তারা বাড়ি ফিরে আসেনি। এরপর আত্মীয়-স্বজন ও সহপাঠীদের বাড়িতে খোঁজাখুঁজি করেও কোনো লাভ হয়নি। স্কুলের শিক্ষকরা জানিয়েছেন, ওই দিন তারা ক্লাসে উপস্থিত ছিল না।
বাউফল থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা জানান, নিখোঁজ ছাত্রীদের কাছে কোনো মোবাইল ফোন না থাকায় তথ্যপ্রযুক্তির মাধ্যমে অবস্থান শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। তবে পুলিশ বাস টার্মিনাল ও লঞ্চঘাটসহ সম্ভাব্য সব স্থানে অভিযান চালাচ্ছে। বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং নিখোঁজ চার শিক্ষার্থীকে উদ্ধারে পুলিশের বিশেষ টিম কাজ করছে।