- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
৮ বল করেই মাঠ ছাড়লেন ১৮ কোটি রুপির পাথিরানা
ক্রীড়া ডেস্ক ►
আইপিএলের শুরু থেকে কলকাতা নাইট রাইডার্সের সাথে ছিলেন না মাথিশা পাথিরানা। কলকাতা ৪ ম্যাচ খেলার পর দলের সাথে যোগ দেন এই পেসার। তবে গতকাল(শনিবার) প্রথম ম্যাচ খেলতে নেমে মাত্র ৮ বল করতে পেরেছেন পাথিরানা।
আইপিএলের গত আসরের নিলামে ১৮ কোটি রুপিতে পাথিরানাকে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স। তবে চোট ও লঙ্কান বোর্ডের অনাপত্তিপত্র পেতে দেরি হওয়ায় শুরুতে আইপিএলে ছিলেন না এই পেসার। পরবর্তীতে দলের সাথে যোগ দিলেও মৌসুমের বেশিরভাগ সময় কেটেছে বেঞ্চে। শনিবার গুজরাটের বিপক্ষে সুযোগ পেলেও আবারও চোটে পড়েছেন এই শ্রীলঙ্কান ক্রিকেটার।
ইডেন গার্ডেন্সে শনিবার গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে তিন মাস পর মাঠে ফেরেন শ্রীলঙ্কান পেসার পাথিরানা। কলকাতার বোলিং ইনিংসে ‘ইম্প্যাক্ট প্লেয়ার’ হিসেবে নামেন তিনি। চতুর্থ ওভারে তাকে বোলিংয়ে আনা হয়। প্রথম ওভারে দেন ৭ রান।
ইনিংসের ষষ্ঠ ও নিজের দ্বিতীয় ওভারে প্রথম বলটি করার পর দ্বিতীয়টির জন্য দৌড় শুরু করেন পাথিরানা। এরপরই হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি বোধ করায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। দলের ফিজিওর চিকিৎসা নিয়ে তিনি আরেকটি ডেলিভারি করে মাঠ ছাড়েন৷
পাথিরানা বল করতে না পারলেও জয় তুলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আগে ব্যাট করে ফিন অ্যালেনের ৯৩, অঙ্ক্রিশ রঘুবংশীর ৮২ ও ক্যামরন গ্রিনের ফিফটিতে ২ উইকেটে ২৪৭ রান সংগ্রহ করে কলকাতা। জবাবে শুবমান গিলের ৮৫, সাই সুদর্শন ও জস বাটলারের ফিফটির পরও ২১৮ রানে থামে গুজরাট টাইটান্স।