• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

জুলাই থেকে নতুন পে-স্কেল বাস্তবায়নের পরিকল্পনা



অনলাইন ডেস্ক ►

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বা পে-স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে সরকার। আগামী জুলাই মাস থেকে এই প্রক্রিয়া শুরু হতে পারে। সম্প্রতি অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, এ সংক্রান্ত একটি পরিকল্পনা ইতোমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে জানানো হয়েছে। আগামী বুধবার অর্থমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রীর একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে, যেখান থেকে এই বিষয়ে চূড়ান্ত নির্দেশনা আসতে পারে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন পে-স্কেলটি একবারে নয়, বরং তিন বছরে বাস্তবায়ন করা হবে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের জুলাই থেকে মূল বেতনের ৫০ শতাংশ বৃদ্ধি কার্যকর হবে। পরবর্তী অর্থবছরে বাকি ৫০ শতাংশ এবং ২০২৮-২৯ অর্থবছরে বিভিন্ন ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা যোগ করা হবে।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা এবং সরকারি ব্যয়ের ওপর চাপ কমাতে এই ধারাবাহিক বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছেন নীতিনির্ধারকরা। উল্লেখ্য, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত বেতন কমিশন গত জানুয়ারিতে তাদের প্রতিবেদনে ১০০ থেকে ১৪৭ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধির সুপারিশ করেছিল। কমিশনের প্রস্তাব অনুযায়ী, সর্বনিম্ন গ্রেডের মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ গ্রেডের বেতন ১,৬০,০০০ টাকা করার কথা বলা হয়েছে।