- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
ফুলছড়িতে ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধন আলোচনা সভায় অগ্নি সচেতনতায় গুরুত্বারোপ
ফুলছড়ি প্রতিনিধি ►
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অগ্নিকাণ্ড প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয় অনুষ্ঠানে।
সপ্তাহের উদ্বোধন উপলক্ষে বুধবার সকালে ফুলছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে ফায়ার সার্ভিসের সদস্য, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
পরে ফায়ার সার্ভিস স্টেশন প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফুলছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইন্সপেক্টর নুর মোহাম্মদ সিকদার। এতে প্রধান অতিথির বক্তব্যে ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতার বিকল্প নেই। ঘরবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও বাজার এলাকায় বৈদ্যুতিক সংযোগ ব্যবহারে সবাইকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি জরুরি পরিস্থিতিতে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার আহ্বান জানান তিনি।
সভায় আরও বক্তব্য দেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম আবু মোতালেব, ফুলছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম সরকার, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, গাইবান্ধা জেলা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মাসুদুর রহমান আরিফ, কালিরবাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস ছাত্তার মিয়া, বিএনপি নেতা আতিকুর রহমান মধু ও খাজা মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি ফায়ার সার্ভিসের সক্ষমতা আরও বাড়ানো প্রয়োজন। বিশেষ করে গ্রামীণ জনপদ ও হাটবাজার এলাকায় অগ্নি নিরাপত্তা ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠান শেষে অগ্নি নিরাপত্তা বিষয়ে সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়।