- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
হজের প্রথম ফিরতি ফ্লাইটে দেশে ফিরলেন ৪১৯ জন
অনলাইন ডেস্ক ►
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হাজিরা। তিন জামারাতে শয়তানকে কঙ্কর নিক্ষেপসহ হজের সব আনুষ্ঠানিকতা শেষ করে শুক্রবার (২৯ মে) রাত থেকেই হাজিদের ফিরতি যাত্রা শুরু হয়।
শনিবার (৩০ মে) সকাল ১০টার দিকে ৪১৯ জন হাজি নিয়ে প্রথম ফিরতি ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। সাউদিয়া এয়ারলাইন্সের ‘এসভি-৫৮০৬’ ফ্লাইটে তারা দেশে ফেরেন। বিমানবন্দরে পৌঁছানোর পর হাজিদের জমজমের পানি দিয়ে স্বাগত জানানো হয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, হজের ফিরতি যাত্রার প্রথম দিনেই সাউদিয়া ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মোট ১৩টি ফ্লাইটে ৫ হাজার ৪৩৪ জন হাজি দেশে ফিরবেন। হাজিদের নিয়ে আসার এই ফিরতি ফ্লাইট কার্যক্রম আগামী ১ জুলাই পর্যন্ত চালু থাকবে।
এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৯ হাজার ১৬৪ জন ধর্মপ্রাণ মুসলমান হজ পালনের জন্য পবিত্র মক্কায় গিয়েছিলেন। গত ১৭ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর বাংলাদেশ থেকে হজযাত্রী বহনকারী শেষ ফ্লাইটটি ২১ মে সৌদি আরবে পৌঁছায়। এবারের হজ সফরে গিয়ে এখন পর্যন্ত ৩১ জন বাংলাদেশি হজযাত্রী পবিত্র ভূমিতে ইন্তেকাল করেছেন।
মাধুকর/এমআর