• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

লালমনিরহাট সীমান্তে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি ও স্থানীয়রা



অনলাইন ডেস্ক►
লালমনিরহাটের আদিতমারী দুর্গাপুর ও পাটগ্রামে কুচলিবাড়ি সীমান্তে গভীর রাতে কাঁটাতারের বেড়ার লাইট বন্ধ করে ৭০ থেকে ৮০ জন ব্যক্তিকে কয়েক দফা পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ। এ সময় বিজিবি ও গ্রামবাসীর বাধার মুখে পুশইন করতে ব্যর্থ হয় বিএসএফ।

সোমবার (৮ জুন) গভীর রাতে লালমনিহাটের আদিতমারী দুর্গাপুর ও পাটগ্রাম উপজেলায় দইয়েরটারী সীমান্তে পুশইনের চেষ্টা করে বিএসএফ। অবশেষে সীমান্তে বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধে পিছু হটে তারা।

উক্ত এলাকায় টহলরত পানবাড়ি কোম্পানির ৩টি টহলদল গেইট খোলার শব্দ শুনে নিকটবর্তী স্থানে গেলে বিজিবির উপস্থিতি টের পেয়ে পুশইনের জন্য অপেক্ষমান ব্যক্তিদের নিয়ে বিএসএফ ভারতের অভ্যন্তরে চলে যায়। বর্তমানে গ্রামবাসী এবং বিজিবি টহল জোরদার করেছে।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, সোমবার গভীর রাতে জেলার কয়েকটি সীমান্ত পয়েন্টে পুশইনের জন্য ভারতীয়দের নিয়ে আসে বিএসএফ। কিন্তু বিজিবি ও জনতার বাধার মুখে তারা চলে যেতে বাধ্য হয়। সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন আছে, বিএসএফের যেকোনো অপতৎপরতা রুখে দিতে আমরা প্রস্তুত।

এর আগে গত শুক্রবার ভোরে লালমনিরহাটের তিন সীমান্তে ৩৩ জনকে অবৈধভাবে বাংলাদেশ পুশইনের চেষ্টা করে বিএসএফ। পরে গ্রামবাসী ও বিজিবির বাধায় ৩৩ জনকে ফিরিয়ে নিতে বাধ্য হন বিএসএফ।