• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

গাইবান্ধায় রেলওয়ে স্টেশনের জায়গা উদ্ধার, উচ্ছেদ করা হলো অবৈধ দোকানঘর।



নিজস্ব প্রতিনিধি►
গাইবান্ধা রেলস্টেশন এলাকায় বাংলাদেশ রেলওয়ের জায়গা দখল করে গড়ে ওঠা ৪৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
বুধবার (১০ জুন) সকালে এ উচ্ছেদ অভিযানে রেলস্টেশনের প্রবেশপথ ও আশপাশের এলাকায় অবৈধভাবে নির্মিত ছোট-বড় ব্যবসা প্রতিষ্ঠান ও স্থাপনা অপসারণ করা হয়।

রেলওয়ে সূত্র জানায়, দীর্ঘদিন ধরে কিছু ব্যবসায়ী রেলওয়ের জমি দখল করে দোকানঘর ও বিভিন্ন স্থাপনা নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এসব স্থাপনা সরিয়ে নিতে সংশ্লিষ্টদের একাধিকবার নোটিশ প্রদান ও মৌখিকভাবে সতর্ক করা হলেও তারা কোনো ব্যবস্থা নেননি। উচ্ছেদ অভিযানের আগে গাইবান্ধা রেলস্টেশন এলাকা ও আশপাশে মাইকিং করেও বিষয়টি জানানো হয়েছিল।

বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ডিভিশনাল এস্টেট অফিসার মনজুর হোসেনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় রেলওয়ে পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে। এছাড়া অভিযানে রেলওয়ের সার্ভেয়ার, ফিল্ড কানুনগোসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ডিভিশনাল এস্টেট অফিসার মনজুর হোসেন বলেন, দ্বিতীয় দিনের কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধা রেলওয়ে স্টেশনে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। রেলওয়ের জমি দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে আজ ৪৫টি অবৈধ দোকানঘর উচ্ছেদ করা হয়েছে। ভবিষ্যতেও রেলওয়ের জমি দখলমুক্ত রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।