• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

গাইবান্ধায় বাসের ধাক্কায় অটোচালক নিহত, আহত ২



নিজস্ব প্রতিনিধি►
গাইবান্ধা-পলাশবাড়ী মহাসড়কের মাঠেরহাট এলাকার বুড়িরঘর নামক স্থানে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক অটোচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুন) সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে অরিন ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই অটোচালক ফেরদাউস হোসেন (৪৫) নিহত হন। তিনি সাদুল্লাপুর উপজেলার কিসমত দুর্গাপুর গ্রামের মৃত আলতাফ হোসেন আকন্দের ছেলে। দুর্ঘটনায় আহত অপর দুইজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে গাইবান্ধা সদর হাসপাতালে নিলে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনাস্থল পরিদর্শনকালে পলাশবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল-ইয়াসা রহমান তাপাদার জানান, সকাল সাড়ে ১১টার দিকে অরিন ট্রাভেলসের একটি বাস সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অটোরিকশাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে অটোচালক ঘটনাস্থলেই নিহত হন এবং আরও দুইজন আহত হন। তিনি আরও জানান, দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে প্রশাসনের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করা হয়। এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।