• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

দেশীয় ফলের পুষ্টিগুণ তুলে ধরতে এসকেএস স্কুল এ্যান্ড কলেজে ফল উৎসব



নিজস্ব প্রতিবেদক ►
দেশীয় ফলের পুষ্টিগুণ সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে এবং দেশীয় ফল চাষ ও ভোজনকে উৎসাহিত করার লক্ষ্যে গাইবান্ধার এসকেএস স্কুল এ্যান্ড কলেজে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে স্কুল এবং কলেজ প্রাঙ্গণে এ ফল উৎসবের আয়োজন করা হয়। এতে প্রতিষ্ঠানের প্রতিটি শ্রেণির শিক্ষার্থীরা নিজ নিজ শ্রেণিকক্ষে বিভিন্ন দেশীয় ফল প্রদর্শন করে। আম, কাঁঠাল, লিচু, জাম, পেয়ারা, আনারস, কলাসহ মৌসুমি নানা ফলের সমাহারে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হান্নান। তিনি বলেন, “দেশীয় ফল শুধু সুস্বাদুই নয়, এগুলো পুষ্টিগুণে ভরপুর। শিক্ষার্থীদের নিয়মিত দেশীয় ফল খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। ফল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং সুস্থ জীবনযাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

এ সময় উপস্থিত ছিলেন এসকেএস স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুস সাত্তার, উপাধ্যক্ষ ড. অনামিকা সাহা, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে ফলের পুষ্টিগুণ নিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উৎসবটি শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে এবং দেশীয় ফলের প্রতি তাদের আগ্রহ বৃদ্ধি করে।