- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চার দিন ধরে অবস্থান তরুণীর
নুর হোসেন রেইন, সাঘাটা ►
গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের থৈকরেরপাড়া গ্রামে ফেসবুকে মেসেঞ্জারে প্রেমের সম্পর্কে। বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চার দিন ধরে অবস্থান করছেন মোছাঃ মলিসা আক্তার মনিষা (১৬) নামে এক কিশোরী। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
এ ঘটনায় কিশোরীর বাবা সাঘাটা থানায় লিখিত আবেদন করেছেন। লিখিত আবেদন সূত্রে জানা যায়, থৈকরেরপাড়া গ্রামের মো. সাইফুল ইসলাম সিপুর মেয়ে মলিসা আক্তার মনিষার সঙ্গে একই গ্রামের মোঃ তবি সরকারের ছেলে বদিউজ্জামানের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। প্রায় দুই বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল বলে আবেদনে উল্লেখ করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, বিয়ের আশ্বাস দিয়ে বদিউজ্জামান কিশোরীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপিত হয় বলেও লিখিত আবেদনে দাবি করা হয়েছে।
পরবর্তীতে বিয়ের বিষয়ে টালবাহানা শুরু করলে কিশোরী ও তার পরিবারের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। আবেদনে আরও উল্লেখ করা হয়, গত ১৬ জুন (মঙ্গলবার) মলিসা আক্তার মনিষা বিয়ের দাবিতে প্রেমিক বদিউজ্জামানের বাড়িতে যান। এরপর থেকে তিনি প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন। তবে বর্তমানে প্রেমিক বদিউজ্জামান ঢাকায় চাকরি করছেন বলে জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত চার দিন ধরে তিনি সেখানে অবস্থান করছিলেন।
কিশোরীর পরিবারের দাবি, প্রেমিক ও তার পরিবার প্রথমে বিয়ের আশ্বাস দিলেও বর্তমানে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। স্থানীয়ভাবে একাধিকবার চেয়ারম্যান ও ইউপি সদস্য সমাধানের উদ্যোগ নেওয়া হলেও এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি। এদিকে প্রেমিকের বাড়িতে কিশোরীর অবস্থানের ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি মীমাংসার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।
এ বিষয়ে সাঘাটা থানায় লিখিত আবেদন করা হয়েছে। আবেদনকারী ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত বদিউজ্জামান বা তার পরিবারের বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।