• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

ফুলছড়ির বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজে ওয়ান চাইন্ড, ওয়ান ট্রি কর্মসূচি পালিত



ফুলছড়ি প্রতিনিধি ►
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজে ওয়ান চাইন্ড, ওয়ান ট্রি কর্মসূচি পালিত হয়েছে। রোববার (২৯ জুন) সকালে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শিক্ষা প্রতিষ্ঠানে এসে শেষ হয়। পরে শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের অংশগ্রহণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সরকারের পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগের অংশ হিসেবে ওয়ান চাইন্ড, ওয়ান ট্রি কর্মসূচির মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যায় উদ্বুদ্ধ করা হয়। এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়া হয়।

বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইব্রাহিম আকন্দ সেলিম এর সভাপতিত্বে কলেজ চত্বরে আলোচনা সভায় বক্তব্য দেন, সহকারী অধ্যাপক মজিবুল হক ছানা, প্রভাষক রায়হাতুল এমরান প্লাবন, আবুল কাশেম ও শাহজাহান আলী, সহকারী প্রধান শিক্ষক জাহেদুল হক প্রমুখ। বক্তারা বলেন, একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ রোপণ ও নিয়মিত পরিচর্যার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানানো হয়।

আয়োজকরা জানায়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের লার্নিং অ্যাক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস) প্রকল্পের নির্দেশনায় সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের মতো বুড়াইল মডেল স্কুল অ্যান্ড কলেজেও এ কর্মসূচি পালন করা হয়।