- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
কুড়িগ্রামে বন্যার শঙ্কা, বাড়ছে নদীর পানি
অনলাইন ডেস্ক ►
বৃষ্টি আর উজানের ঢলে কুড়িগ্রামের প্রধান নদ-নদীগুলোর পানি বৃদ্ধি পেয়েছে। সোমবার (২৯ জুন) সকাল ৯টায় পাউবোর তথ্য অনুযায়ী, দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেয়ে পাটেশ্বরী পয়েন্টে বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পাটেশ্বরী পয়েন্টে দুধকুমার নদীর পানি আজ সকাল ৯টায় ২৯ দশমিক ৮৩ মিটার রেকর্ড করা হয়েছে। এ পয়েন্টে বিপৎসীমা ২৯ দশমিক ৬০ মিটার। এ সময় ১৩৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়। সকাল থেকে এ পয়েন্টে ৭ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে।
ধরলা নদীর কুড়িগ্রাম পয়েন্টে পানি ২৫ দশমিক ৪৫ মিটার, যা বিপৎসীমার ৬০ সেন্টিমিটার নিচে। তালুক শিমুলবাড়ী পয়েন্টে পানি ৩০ দশমিক ৪৭ মিটার, যা বিপৎসীমার ৪০ সেন্টিমিটার নিচে রয়েছে। কুড়িগ্রামে ৮২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড বলছে, সোমবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ব্রহ্মপুত্র নদের পানি নুনখাওয়া পয়েন্টে ২ সেন্টিমিটার, হাতিয়া পয়েন্টে ২ সেন্টিমিটার ও চিলমারী পয়েন্টে ১৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
চিলমারীতে ৮০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে তিস্তা নদীর কাউনিয়া পয়েন্টে পানি বেড়ে সকাল ৯টায় ২৯ দশমিক ২৫ মিটারে পৌঁছেছে। যা সকাল ৬টা থেকে ২৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার মাত্র ৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সেখানে ৫২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, উজানের ঢলে দুধকুমার নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। অন্য নদীগুলোর পানিও বৃদ্ধি পাচ্ছে। বন্যা পূর্বাভাস অনুযায়ী আগামী ৭২ ঘণ্টায় পানি বৃদ্ধি পেয়ে স্বল্পমেয়াদী বন্যার সৃষ্টি হতে পারে।