- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
সকাল ৯টার মধ্যে কর্মকর্তারা অফিসে না এলেই শাস্তি
অনলাইন ডেস্ক ►
প্রশাসনিক কার্যক্রম গতিশীল করতে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টার মধ্যে নিজ দপ্তরে প্রবেশসহ ছয়টি নির্দেশনা দেওয়া হয়েছে। এ নির্দেশনা না মানলে বিধি অনুযায়ী শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বোর্ড। বৃহস্পতিবার (৯ জুলাই) মাদরাসা শিক্ষা বোর্ডের এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।
বোর্ডের নির্দেশনাগুলো হলো– সব কর্মকর্তা ও কর্মচারীকে কর্মদিবসে সকাল ৯টার মধ্যে নিজ নিজ দপ্তরে উপস্থিত থাকতে হবে, অফিস সময় শেষ হওয়ার আগে কেউ নিজ দপ্তর ত্যাগ করবে না, অফিস চলাকালীন দাপ্তরিক বা জরুরি প্রয়োজনে কর্মকর্তা-কর্মচারীদের নিজ বিভাগের প্রধানের (রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, পরিদর্শক ও প্রকাশনা নিয়ন্ত্রক) অনুমতি নিয়ে সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯-এর তফসিল অনুযায়ী ডিজিটাল হাজিরা দিয়ে অফিস ত্যাগ করতে হবে ও বোর্ডের সব আঞ্চলিক অফিসের কর্মকর্তা ও কর্মচারীকে সাপ্তাহিক বা অন্যান্য ছুটির দিনে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে কর্মস্থল ত্যাগ করতে হবে।
এদিকে চলমান আলিম পরীক্ষা চলাকালে অফিসে উপস্থিতিসহ বিভিন্ন কার্যক্রমের জন্য পৃথক নির্দেশনাও দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। এতে বলা হয়, আলিম পরীক্ষা ২০২৬ চলাকালীন পরীক্ষার দিনগুলোতে সব কর্মকর্তা-কর্মচারীকে সকাল সাড়ে ৮টার মধ্যে নিজ নিজ দপ্তরে উপস্থিত থাকতে হবে। আলিম পরীক্ষা চলাকালীন প্রতি শনিবার পরীক্ষা শাখা, আইসিটি সেল, কম্পিউটার শাখা, প্রশাসন (সংস্থাপন) ও পরীক্ষা সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীকে নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকতে হবে।
কোনো কর্মকর্তা-কর্মচারী বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত, অফিস ত্যাগ, বিলম্বে অফিসে উপস্থিত হলে তার বিরুদ্ধে সরকারি কর্মচারী শৃঙ্খলা (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ ও সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ অনুযায়ী শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে।