• মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে

সাঘাটায় অবৈধ কাঠ কয়লা তৈরির কারখানা জনস্বাস্থ্য এবং পরিবেশ ঝুঁকিতে



আসাদ খন্দকার, বোনারপাড়া ►

‎গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের বাঙ্গাবাড়ী ও কিংকরপুর এলাকায় দীর্ঘদিন ধরে একাধিক অবৈধ কয়লা কারখানায় প্রকাশ্যে গাছের কাঠ পুড়িয়ে কয়লা উৎপাদনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, অন্তত ৩০টি চুলায় দিন-রাত অবিরাম কাঠ পোড়ানো হচ্ছে। এতে একদিকে যেমন নির্বিচারে গাছ কেটে বন উজাড় করা হচ্ছে, অন্যদিকে ঘন কালো ধোঁয়া ও বিষাক্ত গ্যাসে পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। ফলে জনস্বাস্থ্য, কৃষিজমি, গবাদিপশু এবং জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। 

‎সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, বিস্তীর্ণ এলাকায় সারিবদ্ধভাবে স্থাপন করা হয়েছে কয়লা পোড়ানোর চুলা। প্রতিটি চুলায় আনুমানিক ২০০ থেকে ২৫০ মন পর্যন্ত কাঠ পোড়ানো হচ্ছে। এসব চুলা থেকে নির্গত ঘন কালো ধোঁয়া আশপাশের পরিবেশকে ভারী করে তুলছে। বাতাসে পোড়া কাঠের তীব্র গন্ধ ছড়িয়ে পড়ায় স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। 

‎স্থানীয়দের ভাষ্য, গত পাঁচ থেকে সাত বছর ধরে এসব কারখানা অবৈধভাবে পরিচালিত হয়ে আসছে। ২০২৫ সালে সেনাবাহিনীর অভিযানে কারখানাগুলো বন্ধ ঘোষণা করা হলেও কিছুদিনের মধ্যেই আবারও উৎপাদন শুরু হয়। এলাকাবাসীর অভিযোগ, প্রভাবশালী একটি চক্রের কারণে প্রশাসনিক অভিযান দীর্ঘস্থায়ী হয়নি। ‎নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন, কারখানার মালিকরা এলাকায় অত্যন্ত প্রভাবশালী। স্থানীয় কিছু নেতার সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় সাধারণ মানুষ প্রতিবাদ করতে ভয় পান। তিনি আরও অভিযোগ করেন, কিংকরপুর গ্রামের কয়েকজন ব্যক্তি ও তাদের একটি সিন্ডিকেট এসব কারখানা পরিচালনা করছে।  

‎পরিবেশ সচেতন ব্যক্তিরা বলছেন, অবৈধভাবে গাছ কেটে কয়লা উৎপাদনের ফলে শুধু বনাঞ্চল ধ্বংস হচ্ছে না, একই সঙ্গে জলবায়ু ও পরিবেশের ওপরও দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়ছে। বিষাক্ত ধোঁয়ার কারণে শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টে আক্রান্ত রোগীদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। কৃষকরা জানান, ধোঁয়া ও ছাইয়ের প্রভাবে আশপাশের ফসলের উৎপাদনেও বিরূপ প্রভাব পড়ছে। 

‎এ বিষয়ে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল কবির বলেন, বিষয়টি পরিবেশ অধিদপ্তর, গাইবান্ধা মনিটরিং করছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।