- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
আর্জেন্টিনা-স্পেন ফাইনালে ঐতিহাসিক আংটি দিচ্ছে ফিফা
অনলাইন ডেস্ক ►
২০২৬ ফুটবল বিশ্বকাপে নতুন অনেক কিছু দেখেছে ফুটবলভক্তরা। হাইড্রেশন ব্রেকের পাশাপাশি মাঠে অভিনয়ের কারণে কার্ড দেখা থেকে অনেক কিছু। এবার ফাইনালেও থাকছে চমক। শিরোপা নির্ধারণী ম্যাচে বিশেষ আংটি দিচ্ছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। রোববার (১৮ জুলাই) নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল দিয়ে পর্দা নামবে বিশ্বকাপের ২৩তম আসরের। চ্যাম্পিয়ন দলকে আইকনিক বিশ্বকাপ ট্রফি ও মর্যাদাপূর্ণ স্বর্ণপদকের পাশাপাশি দেওয়া হবে বিশেষভাবে তৈরি চ্যাম্পিয়নশিপ রিং। ফিফার কোনো প্রতিযোগিতার ইতিহাসে এবারই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন দল পাচ্ছে এমন আংটি।
২০২৬টি বিশ্বকাপ ফাইনালের ঐতিহাসিক চ্যাম্পিয়নশিপ রিং বানানো হয়েছে। সরাসরি ২০২৬ সালের বিশ্বকাপকে স্মরণ করে তৈরি করা হয়েছে। এর মধ্যে ৩০ আংটি চ্যাম্পিয়ন ফুটবলার ও প্রতিনিধিদের দেওয়া হবে। বাকি ১৯৯৬ আংটি বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের জন্য অফিশিয়াল লাইসেন্সপ্রাপ্ত পণ্য হিসেবে বিক্রি করা হবে। এতে করে সমর্থকেরাও ২০২৬ ফিফা বিশ্বকাপের একটি অনন্য স্মারক নিজেদের সংগ্রহে রাখতে পারেন।
আংটির এক পাশে থাকছে ফিফা বিশ্বকাপ ট্রফির নকশা এবং অন্য পাশে থাকবে বিজয়ী দলের পরিচয় অনুযায়ী বিশেষ নকশা। প্রত্যেক আংটিতে থাকছে আলাদা নম্বর। ব্যক্তির আঙুলের মাপ অনুযায়ী তৈরি করা হবে এবং এর সঙ্গে প্রমাণস্বরূপ একটি সনদ দেওয়া হবে। ফাইনাল শেষেই চ্যাম্পিয়ন দলের অধিনায়ক ও প্রধান কোচকে স্মারক হিসেবে অস্থায়ী আংটি দেওয়া হবে। চ্যাম্পিয়ন দলের জন্য নির্ধারিত ৩০ আংটি প্রত্যেকের আঙুলের সঠিক মাপ অনুযায়ী কাস্টমাইজ করে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে, যাতে এই ঐতিহাসিক অর্জনের স্মৃতি আজীবন অমলিন থাকে।