- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
উদীচী’র আয়োজনে রবীন্দ্র-নজরুল স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান
মোদাচ্ছেরুজ্জামান মিলু ►
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য, সংগীত ও মানবতাবাদী চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে গাইবান্ধা উদীচী জেলা সংসদের আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা, সংগীত পরিবেশন, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন। শনিবার সন্ধ্যায় গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত ও নজরুলসংগীত পরিবেশনের পাশাপাশি ছিলো নৃত্য, কবিতা আবৃত্তি ও আলোচনা পর্ব।
আলোচনা করেন উদীচী গাইবান্ধা জেলা সংসদের সভাপতি অধ্যক্ষ জহুরুল কাইয়ুম। কবিতা আবৃত্তি করেন বিশিষ্ট বাচিক শিল্পী গৌতমাশিস গুহ সরকার ও উদীচীর প্রতিযোগিতার সেরা শিক্ষার্থীরা। সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সংগীত প্রশিক্ষক শাহ মশিউর রহমান ও জনপ্রিয় সংগীত শিল্পী চুনি ইসলাম। এছাড়া সংগীতেও উদীচী’র প্রতিযোগিতায় উত্তীর্ণ হওয়া সেরা শিক্ষার্থীরা সংগীত পরিবেশন করেন।
উদীচীর শিক্ষার্থীদের নৃত্য পরিবেশনা ছিলো একেবারে মনোমুগ্ধকর। অনুষ্ঠানে দুই কবির দেশপ্রেম, মানবতা, সাম্য ও অসাম্প্রদায়িকতার বাণী প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানের মূল স্লোগান ছিলো চেতনায় বহমান/দুইজন মহাপ্রাণ। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশনেওয়া সেরা শিক্ষার্থীীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।