- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
তারাগঞ্জে পাঁচ বছরেও চালু হয়নি নারী প্রশিক্ষণ কেন্দ্রটি
রংপুর প্রতিনিধি ►
প্রতিষ্ঠার পাঁচ বছরে এক দিনও হয়নি প্রশিক্ষণ ক্লাস। রংপুরের তারাগঞ্জ উপজেলা ইকরচালী ইউনিয়নে অবস্থিত নারী উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রটি এখন পরিত্যক্ত ভবনে পরিণত হয়েছে। অভিযোগ রয়েছে, স্থাপনাটি রক্ষণাবেক্ষণের অভাবে মাদকসেবীদের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে। রংপুর-দিনাজপুর মহাসড়কঘেঁষা কালেক্টরেট বামনদীঘি ইকো পার্কের ভেতরে নির্মিত নারী উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রটির দেয়ালের বিভিন্ন স্থানে বড় বড় ফাটল সৃষ্টি হয়েছে। ভবনের দরজা ভাঙা, বাথরুমের অধিকাংশ ফিটিংস খুলে নেওয়া হয়েছে। পানির ট্যাংক ও সংযোগের পাইপও নেই। ভবনের চারপাশের মাটি সরে গিয়ে ভিত্তির অংশও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০২০-২১ অর্থবছরে উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্পের আওতায় বাংলাদেশ সরকার ও জাইকার অর্থায়নে ৩৫ লাখ ১৯ হাজার ৫৫২ টাকা ব্যয়ে কেন্দ্রটি নির্মাণ করা হয়। এলজিইডির কারিগরি তত্ত্বাবধানে উপজেলা পরিষদ প্রকল্পটি বাস্তবায়ন করে। উদ্দেশ্য ছিল স্থানীয় নারীদের দক্ষতা উন্নয়ন ও বিভিন্ন আয়বর্ধক প্রশিক্ষণ দেওয়া। তবে নির্মাণের পাঁচ বছর পার হলেও সেখানে একবারের জন্যও কোনো প্রশিক্ষণ আয়োজন করা হয়নি।
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাব্বর হোসেন বলেন, দীর্ঘদিন ধরে প্রশিক্ষণ কেন্দ্রটি অব্যবহৃত থাকায় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিকল্পনা রয়েছে এটি সংস্কার করে নারীদের জন্য প্রশিক্ষণ কার্যক্রম চালুর।