- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
মহাকাশে দুই প্রজন্ম ধরে ধান চাষ, সাফল্য পেলেন চীনা নভোচারীরা
অনলাইন ডেস্ক ►
মহাকাশে ভেসে থেকেই এক অসম্ভবকে সম্ভব করছেন চীনা নভোচারীরা। জিরো গ্র্যাভিটি বা ওজনহীন পরিবেশে একের পর এক গুরুত্বপূর্ণ গবেষণার পাশাপাশি এবার তারা সফলভাবে চালিয়ে যাচ্ছেন টানা দুই প্রজন্ম ধরে ধান চাষের কাজ।
চীনের ‘তিয়াংগং’ মহাকাশ স্টেশনে গত দুই মাসেরও বেশি সময় ধরে অবস্থান করছেন ‘শেনঝৌ-২৩’ মিশনের তিন নভোচারী—ঝু ইয়াংঝু, ঝাং ঝিউয়ান ও লাই কা-ইং। বর্তমানে সুস্থ থেকে নিয়মিত তারা এই বৈপ্লবিক বৈজ্ঞানিক পরীক্ষাগুলো সম্পন্ন করছেন।
গত ২৪ মে মহাকাশে ধানের বীজ নিয়ে যায় তাদের যানটি। সেখানে নিবিড় পরিচর্যার পর অবশেষে প্রথম ধাপের ধানের নমুনা সংগ্রহ বা ফসল কেটেছেন এই তিন নভোচারী।
তাদের মূল লক্ষ্য হলো, মহাকাশে বীজ থেকে নতুন ধান এবং সেই ধান থেকে আবার নতুন বীজ পাওয়ার পুরো জীবনচক্রটি সম্পন্ন করা। এর মাধ্যমে জানা যাবে মহাকাশের দীর্ঘমেয়াদী পরিবেশ উদ্ভিদের বংশগতি ও জিনের ওপর কেমন প্রভাব ফেলে।
ধান চাষের পাশাপাশি নিজেদের স্বাস্থ্য ও চিকিৎসা নিয়ে নানা পরীক্ষা চালাচ্ছেন এই তিন নভোচারী। আল্ট্রাসাউন্ড ডায়াগনস্টিক যন্ত্র দিয়ে নিজেদের শরীরের বিভিন্ন ধমনীর পরীক্ষা, চোখের চাপ ও দৃষ্টিশক্তি পর্যবেক্ষণ, হৃদস্পন্দন পরীক্ষা করা এবং মহাকাশের বিশেষ যন্ত্রে নিজেদের ওজন মেপে শারীরিক পরিবর্তনগুলো ট্র্যাক করছেন তারা।
এ ছাড়া কেবিনের আলো কিভাবে মানুষের মন-মেজাজ ও কাজের দক্ষতায় প্রভাব ফেলে, তা পরীক্ষা করা হচ্ছে। মহাকাশে নিজেদের ফিট রাখতে নিয়মিত ট্রেডমিলে ব্যায়াম করছেন নভোচারীরা। যেকোনো জরুরি দুর্ঘটনা সামাল দেওয়ার প্রস্তুতি হিসেবে সম্প্রতি কৃত্রিম আগুন জ্বালিয়ে মহাকাশ স্টেশন থেকে বের হওয়ার একটি বিশেষ উদ্ধার মহড়াও সফলভাবে শেষ করেছেন তারা।