- মাধুকর প্রতিনিধি
- ৬ ঘন্টা আগে
হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় কাঁচা মরিচ আমদানি: স্বস্তি ফিরছে বাজারে
দিনাজুপুর প্রতিনিধি ►
দেশের বাজারে কাঁচা মরিচের ঊর্ধ্বমুখী দামে যখন সাধারণ ক্রেতারা হিমশিম খাচ্ছিলেন, তখন নতুন করে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরুর খবর স্বস্তি বয়ে এনেছে। হিলি স্থলবন্দর দিয়ে দীর্ঘ বিরতির পর আবারও শুরু হয়েছে মরিচ আমদানি। গত সোমবার হিলি স্থলবন্দর দিয়ে চারটি ভারতীয় ট্রাকে মোট ২৯ টন ৪৪০ কেজি কাঁচা মরিচ দেশে প্রবেশ করেছে।
হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী কর্মকর্তা উজ্জ্বল হোসেন জানান, টনপ্রতি ৩০০ ডলার মূল্যে এই মরিচ আমদানি করা হচ্ছে। ১২৪ টাকা ডলার বিনিময় হার বিবেচনায় প্রতি কেজি মরিচের আমদানি মূল্য পড়ছে ৩৭ টাকার কিছু বেশি। আমদানি শুরুর সাথে সাথেই এর প্রভাব পড়েছে স্থানীয় খুচরা বাজারে। সকালের দিকে যে মরিচ প্রতি কেজি ২৮০ টাকায় বিক্রি হচ্ছিল, আমদানির খবর ছড়িয়ে পড়তেই তা কেজিতে ৩৩ টাকা কমে ২৫০ টাকায় নেমে এসেছে।
আমদানিকারক আমিনুল ইসলাম পলাশ জানান, সরকারের অনুমতি পাওয়ার পর ভারতের নাসিকসহ বিভিন্ন অঞ্চল থেকে এই মরিচ আনা হচ্ছে। বন্দরের ৬৯ জন ব্যবসায়ীকে মোট ২৯ হাজার ৭১০ টন কাঁচা মরিচ আমদানির অনুমতিপত্র (আইপি) দেওয়া হয়েছে। সর্বশেষ গত ২০ নভেম্বর, ২০২৫ সালে এই বন্দর দিয়ে মরিচ আমদানি হয়েছিল, এরপর আইপি বন্ধ থাকায় এতদিন আমদানি সম্ভব হয়নি। তবে বর্তমান এই পদক্ষেপে কাঁচা মরিচের দাম অচিরেই সাধারণ মানুষের নাগালের মধ্যে আসবে বলে আশা করছেন স্থানীয় ব্যবসায়ীরা।