- মাধুকর প্রতিনিধি
- ৪ ঘন্টা আগে
লালপুরে টিউবওয়েলের মাথা চুরির হিড়িক: চরম ভোগান্তিতে এলাকাবাসী
লালপুর, নাটোর ►
নাটোরের লালপুর উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চলে সম্প্রতি টিউবওয়েলের মাথা (হ্যান্ডপাম্প) চুরির উপদ্রব আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।অনুসন্ধানে জানা গেছে, চোরের দল গভীর রাতে কিংবা সুযোগ বুঝে বাসা-বাড়ির উঠান ও আঙিনায় থাকা টিউবওয়েলের মাথা খুলে নিয়ে সটকে পড়ে।
গত ২ আগস্ট সালামপুর গ্রামের গিয়াস উদ্দিন এবং ৩ আগস্ট কলসনগর গ্রামের আব্দুর রশিদের বসতবাড়ি থেকে টিউবওয়েলের মাথা চুরি হয়। এছাড়া কদমচিলান গ্রামের শামসুল এবং চলতি সপ্তাহে ওয়ালিয়া গ্রামের হাকিমের বাড়ির টিউবওয়েলের মাথাও খুলে নিয়ে গেছে দুষ্কৃতকারীরা। এমনকি গোপালপুর বাজারের পুরাতন সোনালী ব্যাংকের পেছনের একটি টিউবওয়েলও চোরদের হাত থেকে রক্ষা পায়নি।
ভুক্তভোগীদের অভিযোগ, একশ্রেণীর অসাধু ভাঙারি ব্যবসায়ী এসব চুরি যাওয়া টিউবওয়েল কম দামে কিনে নিচ্ছে, যার ফলে চোরচক্র আরও উৎসাহ পাচ্ছে। সামান্য টাকার লোভে সরকারি বা ব্যক্তিগত পানির উৎস অচল হয়ে পড়ায় তীব্র সুপেয় পানির সংকটে পড়ছেন সাধারণ মানুষ।
এ বিষয়ে ভূক্তভোগী ও এলাকাবাসী অবিলম্বে প্রশাসনিক নজরদারি বৃদ্ধি এবং টহল জোরদারের দাবি জানিয়েছেন। পাশাপাশি চুরি করা মালামাল যাতে ক্রয়-বিক্রয় না হয়, সেজন্য উপজেলার সকল ভাঙারি ব্যবসায়ীদের সচেতন করা এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জোর তাগিদ দিয়েছেন স্থানীয়রা।