- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
বৌভাতের দাওয়াত খেয়ে ৭ জন হাসপাতালে
সৈয়দপুর প্রতিনিধি ►
নীলফামারীর সৈয়দপুরে বরের বাড়িতে বৌভাতের দাওয়াত খেতে এসে কনের বাড়ির ৭ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। খাবারের বিষক্রিয়ার কারণে এমনটা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে সৈয়দপুর শহরের হাতিখানা কবরস্থানের পশ্চিমে খ্রিস্টান পাড়ায় এই ঘটনা ঘটেছে।
গুরুতর অসুস্থ অবস্থায় সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি ৭ জন হলেন, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আফতাবপুর মাছুয়াপাড়ার লালটুর স্ত্রী বাবলি, নিরঞ্জনের স্ত্রী উজালী, হরিদের স্ত্রী সোনালী, হরিদাসের ছেলে আদি, ষষ্ঠী রায়ের ছেলে দিন কাটুন, দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মন্মথপুর ইউনিয়নের দাগলাগঞ্জ এলাকার তৃপ্ত রায়ের ছেলে উজ্জ্বল এবং সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের বকাতিপাড়ার খুরশিদের ছেলে আলামিন।
এরা সবাই দাওয়াত খেতে এসেছিল সৈয়দপুর শহরের হাতিখানা কবরস্থানের পিছনে খ্রিস্টানপাড়ায়।
এই পাড়ার ছেলে শুভ এর সাথে কামারপুকুর বকাতিপাড়ার বাদলের মেয়ে গৌরির বিয়ে হয়েছে কয়েকদিন আগে। আজ বৌভাত শেষে বর ও কনেকে নিয়ে যেতে গৌরীর আত্মীয় স্বজন আসে শুভর বাড়িতে। বৌভাতের খাবার খাওয়ার পরই উল্লেখিতরা অসুস্থ হয়ে পড়েন। তাদের পর্যায়ক্রমে হাসপাতালে নেওয়া হয়।
সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. শাবাব বলেন, বমি ও প্রচন্ড পেট ব্যাথা নিয়ে ৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ধারণা করা হচ্ছে তারা ফুড পয়জনিংয়ের কারণে অসুস্থ হয়ে পড়েছেন। ওষুধ দেওয়া হয়েছে। আমরা ২৪ থেকে ৪৮ ঘন্টা তাদের পর্যবেক্ষণে রাখবো। তারপর তারা সুস্থ হলে ছেড়ে দেওয়া হবে।