- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
সৈয়দপুরে বাসচাপায় কৃষক নিহত
শাহজাহান আলী মনন, সৈয়দপুর ►
নীলফামারীর সৈয়দপুরে বাস চাপায় আব্দুল লতিফ (৭০) নামে একজন কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (৯ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে সৈয়দপুর-দিনাজপুর মহাসড়কের কয়া মিস্ত্রিপাড়া বসুনিয়া মোড়ে (পাইকারি সবজি মার্কেটের সামনে) এই দুর্ঘটনা ঘটেছে। নিহত বৃদ্ধের বাড়ি নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের সুবর্ণখুলি গ্রামে।
জানা যায়, নিহত ব্যক্তি একজন সবজি কৃষক। তিনি তার উৎপাদিত সবজি সাইকেলে করে সৈয়দপুর পাইকারি সবজি আড়তে বিক্রি করতে এসেছিলেন। বিক্রি শেষে তিনি বাড়ি ফেরার সময় আড়তের সামনে মহাসড়কে ওঠামাত্রই বাহন নামের মিনিবাস (রংপুর-দিনাজপুর গেটলক) একটা ট্যাংলড়িকে ওভারটেক করতে গিয়ে তাকে চাপা দেয়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা রংপুর-দিনাজপুর মহাসড়কে অবস্থান নিলে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। এসময় অনেক যানবাহন সৈয়দপুর শহরের ভিতর দিয়ে চলাচল করায় শহরেও ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এতে শহরবাসীও ভোগান্তিতে পড়েন। পরে সৈয়দপুর থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।