• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

বগুড়ায় চালু হলো ‘মহিলা বাস সার্ভিস’



অনলাইন ডেস্ক ►
গণপরিবহনে প্রতিনিয়ত যাতায়াতে নানা বিড়ম্বনা আর নিরাপত্তাহীনতার মুখোমুখি হতে হয় নারীদের। বিশেষ করে অফিসগামী নারী কিংবা নারী শিক্ষার্থীদের জন্য প্রতিদিনের এই ভোগান্তি নিত্যদিনের সঙ্গী। তবে এবার সেই চেনা চিত্র বদলানোর সুযোগ তৈরি হয়েছে বগুড়ায়। জেলাটিতে চালু হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে বিআরটিসি ডিপো থেকে গোলাপি রঙের এই বিশেষ বাসের উদ্বোধনী যাত্রা শুরু হয়। বাস চালক, কন্ডাক্টর ও সহকারীসহ সকল কর্মীই নারী, আর যাত্রী হিসেবে চড়তে পারছেন কেবল নারীরাই। প্রথম দিনের যাত্রায় নারী যাত্রীদের চোখে-মুখে ছিল উচ্ছ্বাস আর স্বস্তির ছাপ। জানা গেছে, জেলা শহরের সড়কে নারীদের জন্য এমন বিশেষ বাস সার্ভিস এবারই প্রথম। আপাতত দুটি রুটে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাস দুটি চলাচল করবে। রুট দুটি হলো শেরপুর থেকে মাটিডালি এবং মোকামতলা থেকে বনানী।

নন-এসি এই বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে কিলোমিটারপ্রতি ২ টাকা ২৩ পয়সা। বাসের যাত্রী তাসলিমা আক্তার বলেন, প্রতিদিন কলেজে যাতায়াতের সময় গণপরিবহনে যে ভোগান্তি পোহাতে হতো, তা বলে বোঝানো যাবে না। এই বাস চালু হওয়ায় এখন অন্তত নিরাপদ ও স্বস্তিতে গন্তব্যে পৌঁছাতে পারব। এই উদ্যোগ শুধু নারীদের নিরাপদ যাতায়াতই নিশ্চিত করছে না, বরং তৈরি করেছে নতুন কর্মসংস্থানের সুযোগও। বড় গাড়ির স্টিয়ারিং হাতে ব্যস্ত সড়কের চ্যালেঞ্জ সামলাতে নিজেদের প্রস্তুত বলে জানান নারী বাসচালক তাসলিমা পারভীন সাথী ও খাদিজাতুল কোবরা।

উদ্যোগটিকে স্বাগত জানিয়েছেন স্থানীয় নারী নেত্রীরাও। বগুড়া মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার বলেন, নিরাপদ চলাচলের সুযোগ তৈরি হওয়ায় এটি নারীদের ক্ষমতায়ন ও স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে। বাস সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য (বগুড়া-৬) রেজাউল করিম বাদশা বলেন, একটি দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে নারী-পুরুষ উভয়কেই সমানভাবে ভূমিকা রাখতে হবে। নারীদের এই নিরাপদ যাতায়াত ও কর্মসংস্থানের সুযোগ পর্যায়ক্রমে সারা দেশেই ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। বিআরটিসি বগুড়া বাস ডিপোর ম্যানেজার শাহিনুল ইসলাম জানান, আপাতত দুটি বাস নিয়ে কাজ শুরু হলেও যাত্রীদের চাহিদা বাড়লে আরো বিভিন্ন রুটে বাসের সংখ্যা বৃদ্ধি করা হবে। এজন্য প্রয়োজনীয় প্রশিক্ষিত নারী চালকও প্রস্তুত রয়েছে বলে উল্লেখ করেন তিনি।